২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়েজীর নিয়োগ বাতিলের জন্যে রাষ্ট্রপতির কাছে এসসিবিএ’র আবেদন

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) সোমবার রাষ্ট্রপতির কাছে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজীর নিয়োগ বাতিলের আবেদন জানিয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এসসিবিএ বিচারক ফয়েজী সম্পর্কে বিতর্ক থাকায় অবকাশকালীন সময় অতিবাহিত হওয়ার পর তাকে কোনও বেঞ্চ বরাদ্দ না দেওয়ার ব্যাপারে প্রধান বিচারপতিকে আহ্বান জানায়।

এসসিবিএ’র এক জরুরি বৈঠকে গৃহীত সিদ্ধান্তে বলা হয়, সার্টিফিকেটবিহীন কোনও বিচাপতির মাধ্যমে বিচার কার্য পরিচালনা আদালত অবমাননার সামিল।

গৃহীত সিদ্ধান্তে ফয়েজীকে পদচ্যুত করার দাবি পুনর্ব্যক্ত করা হয় এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান বিচারপতিককে অনুরোধ জানানো হয়।

বিচারপতি ফয়েজীকে ৯ সেপ্টেম্বর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধন্তামারা মাদ্রাসা কমিটির ব্যানারে জামায়াত-বিএনপি’র নেতাকর্মীরা সংবর্ধনা প্রদান করে। এসসিবিএ এ সংবধর্নার বিষয়টিকে রাজনৈতিক পরিবেশে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করে।

এসসিবিএ ২০০৪ সালের ৩০ অক্টোবর থেকে বিচারপতির ফয়েজীর কোর্ট বর্জন করে আসছে এবং তার পদত্যাগ দাবি করছে। এসসিবিএ জানায়, তার পদত্যাগ ছাড়া সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুন্ন রাখার কোনও বিকল্প নেই।

আইনজীবীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বার কাউন্সিল ভুয়া তথ্য সরবরাহের মাধ্যমে আইনজীবী সনদ সংগ্রহ করায় বিচারপতি ফয়েজীর সনদপত্র বাতিল করে দেয়।

এসসিবিএ জানায়, রাজনৈতিক নেতাদের সাথে বিচারপতি ফয়েজীর সম্পর্ক রয়েছে এবং তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিচারকদের মানমর্যাদা ও ভাবমূর্তি নষ্ট হয়েছে।

এসসিবিএর আন্দোলনের কারণে প্রধান বিচারপতি ফয়েজীকে এ বছর ১০ এপ্রিল পর্যন্ত কোনও শুনানি অনুষ্ঠানের সুযোগ দেননি।

এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলমের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট ওজায়ের ফারুক, এসসিবিএ সম্পাদক অ্যাডভোকেট এম. ইনায়েতুর রহিম, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট মইনুল ইসলাম চৌধুরী ও অ্যাডবোকেট রবিউল আলম বুদু।