ফরিদপুরে জঙ্গি সন্দেহে এক যুবক আটক
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজীডাঙ্গি গ্রাম থেকে রোববার দুপুরে জেএমবি সদস্য সন্দেহে আবু জাফর (২১) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণের পর খুলনা জেলার বটিয়াঘাটা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। জামা’আতুল মুজাহিদীন সদস্য সন্দেহে ওই মামলার অন্যতম আসামি করা হয় আবু জাফরকে।
গ্রেপ্তারকৃত জাফর স্থানীয় চরভদ্রাসন কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। তার পিতার নাম সালাম শেখ। সে হাজীডাঙ্গি গ্রামের বাসিন্দা।
আটকের পর তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এলাহী বক্স জানান, গ্রেফতারকৃত আবু জাফর জঙ্গি কিনা, তিনি জানেন না।
ওসি বলেন, খুলনা থেকে স্পেশাল ব্রাঞ্চের লোক এসে তাকে গ্রেফতার করেছে।
