জেএমবি’র হেফাজতে আরও বড় ধরনের বোমা ও বিস্ফোরকের চালান মজুদ রয়েছে
জামা’আতুল মুজাহিদীনের হেফাজতে আরও বড় ধরনের বোমা ও বিস্ফোরকের চালান মজুদ রয়েছে। রয়েছে প্রশিক্ষিত অনেক বোমাবাজ। পলাতক জেএমবি সদস্য আবদুস সামাদের স্ত্রী শাম্মী জিজ্ঞাসাবাদে পুলিশকে এ তথ্য দিয়েছে।
পুলিশ সূত্র রোববার জানায়, রাজধানীর পার্শ্ববর্তী কোনো এক জেলায় এ মজুদ রয়েছে বলে তাদের কাছে তথ্য দিয়েছে গ্রেপ্তারকৃত শাম্মী। তবে তদন্তের স্বার্থে পুলিশ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করে।
সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শাম্মী জানিয়েছে, তার স্বামীর আসল নাম মোশাররফ হোসেন ওরফে মুসা। সে আবদুস সামাদ ছদ্ম নামে সংগঠনের কাজকর্ম চালাতো।
এদিকে শনিবার রাতেও নগরীর বিভিন্ন স্থানে জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানের ছোট ভাই এবং সংগঠনের সামরিক শাখার প্রধান আতাউর রহমান ওরফে হাসান ওরফে সানী এবং শাম্মীর ভাই আমির উদ্দিনকে গ্রেপ্তারের জন্যে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে র্যাব ও গোয়েন্দা পুুলিশ।
পুলিশ জানায়, আমির উদ্দিন বোমা বানাতে পারদর্শী।
শাম্মীকে ৮ সেপ্টেম্বর নগরীর গোড়ান এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তার বাসা থেকে উদ্ধার করা হয় তাজা বোমা ও বিস্ফোরক। একই দিন বাসাবোর একটি বাসা থেকে উদ্ধার করা হয় দু’শতাধিক তাজা বোমা, বোমা তৈরির নানা ধরনের ৯০০ সরঞ্জাম ও বিস্ফোরক। এ বাসাটি ভাড়া নিয়েছিলো শায়খ আবদুর রহমানের ছোট ভাই আতাউর রহমান।
শাম্মীর পিতা বসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয় ১০ সেপ্টেম্বর।
পুলিশ সূত্র এ দাবি করে, শাম্মীর স্বামী মোশাররফের দলে কমপক্ষে ৫০ জন প্রশিক্ষিত জঙ্গি কাজ করেছে এমন তথ্য আমাদের কাছে রয়েছে। জিজ্ঞাসাবাদে শাম্মী কমপক্ষে ২৯ জন জঙ্গির নামও আমাদের কাছে প্রকাশ করেছে।
এদিকে র্যাব সূত্র আবারও দাবি করেছে, জেএমবি শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান এবং অপর নেতা বাংলাভাই ঢাকাতেই রয়েছে।
সূত্র দাবি করে, তারা ঢাকায় বসেই টেলিফোনে দলীয় কর্মীদের বিভিন্ন নির্দেশ দিচ্ছে।
টেলিফোনে আড়ি পেতে ঢাকায় এ শীর্ষ দুই নেতার উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে বলে র্যাব সূত্র জানায়।
