২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের হরতাল: ১৮ সেপ্টেম্বরের পরিবর্তে ২১ সেপ্টেম্বর

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকা হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

১৮ সেপ্টেম্বরের পরিবর্তে এখন ২১ সেপ্টেম্বর বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা এ হরতাল পালিত হবে।

শনিবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ১৪ দলের এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।

তিনি জানান, ২০০৬ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমস রিলের ‘কুইন্স ব্যাটন’ ১৭ সেপ্টেম্বর ঢাকায় এসে পৌঁছবে। পরদিন ১৮ সেপ্টেম্বর বাংলাদেশে এ রিলে অনুষ্ঠিত হবে। এ পরিপ্রেক্ষিতে আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং কমনওয়েলথভুক্ত দেশ ব্রিটেন ও কানাডা’র বিশেষ অনুরোধসহ ১৯ সেপ্টেম্বর পবিত্র শবে বরাতের কারণে হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে ১৮ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, এছাড়া ১১ সেপ্টেম্বর দেশের সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ, ১২ সেপ্টেম্বর সারা দেশে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হবে।

২৩ বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, আজিজুল ইসলাম খান, সৈয়দ জাফর সাজ্জাদ ও বিমল বিশ্বাসসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে একই স্থানে ১৪ দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি আলোচনা করে হরতালের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

আজিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আব্দুল জলিল এমপি ছাড়াও তোফায়েল আহমেদ, হাসানুল হক ইনু, বিমল বিশ্বাস, শরীফ নুরুল আম্বিয়া, এমএ গনি, হারুন চৌধুরী, নুরুর রহমান সেলিমসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ এবং ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।