খতমে নব্যুয়ত নেতা মুফতি নূরানীর বিরুদ্ধে আহমদিয়াদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক খতমে নব্যুয়ত আন্দোলন বাংলাদেশ’র বহিস্কৃত সিনিয়র নায়েবে আমীর মুফতি নূর হোসেন নূরানী সংগঠনের বিরুদ্ধে কাজ করার জন্য আহমদিয়াদের কাছ থেকে ঘুষ নিয়েছেন বলে সংগঠনের কেন্দ্রীয় কমিটি অভিযোগ করেছে।
নগরীর তেজগাঁও এলাকায় রহিম মেটাল জামে মসজিদ কমপ্লেক্সে অবস্থিত আন্তর্জাতিক খতমে নব্যুয়ত আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দলীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নূরানী সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করায় সারা দেশে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
খতমে নব্যুয়ত আন্দোলনের আমীর মাওলানা মাহমুদুল হাসান মমতাজী তার লিখিত বক্তব্যে আহমদিয়াদের অমুসলিম ঘোষণার দাবি জানান। তিনি বলেন, আহমদিয়াদের কাছে বিক্রি হয়ে নূরানী তাদের এ আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করেছে।
এর আগে নূরানী বৃহস্পতিবার গ্রান্ড আজাদ হোটেলে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে এককভাবে আন্তর্জাতিক খতমে নব্যুয়ত আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। সংবাদ সম্মেলন শেষে মমতাজী সেখানে উপস্থিত হয়ে কোন ক্ষমতা বলে সে সংবাদ সম্মেলন ডেকে সংগঠনের কর্মসূচি স্থগিত করেছেন নূরানীর কাছে তা জানাতে চান। এসময় একে অপরকে অকথ্য ভাষায় গালাগালি করেন।
এরপর আন্তর্জাতিক খতমে নব্যুয়ত আন্দোলন বাংলাদেশ শুক্রবার আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে তারা সংগঠনের নামে অনৈতিক কর্মকান্ডের দায়ে নূরানীকে সংগঠন থেকে বহিস্কার করেন। এসময় তারা সংগঠনের ৩০ সেপ্টেম্বরের কর্মসূচিসহ পূর্ব নির্ধারিত সকল কর্মসূচি অপরিবর্তিত থাকবে বলে ঘোষণা করেন।
এক প্রশ্নের জবাবে মমতাজী বলেন, নূরানীকে বহিস্কারের ঘটনায় তাদের আন্দোলনে কোনও প্রভাব পড়বে না।
তিনি বলেন, আন্তর্জাতিক খতমে নব্যুয়ত আন্দোলন বাংলাদেশ হযরত মুহম্মদ (স.) এর ভক্তদের সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সংগঠন ব্যবহারকারী নূরনীর মতো কাউকে এখানে বরদাস্ত করা হবে না।
