নবনির্বাচিত ৩৬ জন নারী এমপি বৃহস্পতিবার সংসদে যোগ দিয়েছেন
নব নির্বাচিত ৩৬ জন নারী এমপিসহ ৩৮ জন এমপি বৃহস্পতিবার প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন।
এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে ৩৪৫ সদস্যের সংসদে সর্বোচ্চ ৩৩৬ জন সাংসদ নিয়ে অধিবেশন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার অষ্টম জাতীয় সংসদের ১৮ তম অধিবেশনে নব নির্বাচিত ৩৬ জন নারী এমপি ছাড়াও ফরিদপুর-১ আসনের নব নির্বাচিত এমপি শাহ মো: আবু জাফর এবং সুনামগঞ্জ-৩ আসনের এমপি শাহীনুর পাশা যোগ দেন।
অধিবেশনে নব নির্বাচিত নারী এমপিদের পক্ষে বিএনপির রাবেয়া চৌধুরী বক্তব্য রাখেন। এছাড়া রিনা পারভীন প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
অবশ্য প্রধান বিরোধী দল আওয়ামী লীগ অধিবেশনে যোগ দেয়নি। এর আগে ৩০ জন নারী এমপিসহ সর্বোচ্চ মোট ৩৩০ জন সাংসদ নিয়ে জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।
২০০৪ সালের ৮ ডিসেম্বর বিএনপি সরকার সংসদে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব অনুপাতে নারী আসনের সংখ্যা ৩০ থেকে ৪৫-এ উন্নীত করে জাতীয় সংসদ (সংরক্ষিত নারী আসন) নির্বাচনী আইন আইন ২০০৪ প্রণয়ন করে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ তাদের জন্যে বরাদ্দকৃত নয়টি আসন প্রত্যাখ্যান করায় সেপ্টেম্বরের তিন তারিখ ক্ষমতাসীন বিএনপি, জামাত, জাতীয় পার্টি (বিজেপি-মতিন) এবং বিরোধী জাতীয় পার্টি (এরশাদ) থেকে অবশিষ্ট ৩৬ জন নারী এমপি নির্বাচিত হন।
