সংসদের চলতি অধিবেশন হবে সংক্ষিপ্ত সময়ের জন্যে
জাতীয় সংসদের ১৮তম অধিবেশন খুব সংক্ষিপ্ত সময়ের জন্যে বসবে। এ অধিবেশনের কার্যদিবস হবে মাত্র নয় দিন।
স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ ভবনে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিদিন সংসদ অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায় এবং প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার অধিবেশন বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর চলতি অধিবেশনের সমাপ্তি হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা বেগম খালেদা জিয়া, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রাহমান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, অলি আহমদ এমপি, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দিন কাদের চৌধুরী, শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী এবং বেগম রওশন এরশাদ এমপি।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ অধিবেশন বর্জন করেছে।
