জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার সারা দেশে আওয়ামী লীগসহ ১৪ দলের সকাল-সন্ধ্যা হরতাল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার সারা দেশে প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল সকাল-সন্ধ্যা হরতালের সিদ্ধান্ত নিয়েছে।
আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত জরুরি সভা এবং রাতে ১৪ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্র বিডিনিউজকে এ তথ্য জানায়।
দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি আওয়ামী লীগের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ১৪ দলের সঙ্গে বৈঠক করে ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের ওয়ার্কিং কমিটির সভায় সভাপতিত্ব করেন।
সভায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা এবং ক্ষোভ প্রকাশ করা হয়।
সভার এক প্রস্তাবে বলা হয়, বিএনপি জামাত জোট সরকার এ নিয়ে মোট আট বার জ্বালানি তেলের দাম বাড়ালো।
সভায় বলা হয়, সরকারের এ তুঘলকি সিদ্ধান্তের ফলে দেশের শিল্প-বিদ্যুৎ, পরিবহন, সার, সেচসহ সবক্ষেত্রেই উৎপাদন ব্যয় ও মূল্য বৃদ্ধি পাবে। ফলে প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের রফতানি পণ্য যেমন বাজার হারাবে। তেমনি উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে শিল্প ও কৃষির উৎপাদন হ্রাস পাবে। দ্রব্যমূল্য ইতোমধ্যেই জনগণের ক্রয়ক্ষমতার বাইরে। আর জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনগণের জীবন দুর্বিসহ হয়ে উঠবে।
সভা থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে জোট সরকারকে হটানোর দাবিতে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
