২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সকল সংস্থার আয় ব্যায়ের হিসাব জাতির সামনে তুলে ধরতে আইন প্রনয়নের উদ্যোগ নেবেন আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন সরকারের সকল সংস্থার আয় ব্যায়ের হিসেব জাতির সামনে তুলে ধরতে তিনি নিজেই একটি আইন প্রণয়নের উদ্যোগ নেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

মন্ত্রী বলেন, ‘দেশ থেকে দুর্নীতি দুর করতে সরকারের সকল সংস্থার কার্যক্রম, আয় ব্যায় ইত্যাদি সম্পর্কে যথাযথ এবং স্বচ্ছ ধারনা রাখার অধিকার জনগণের রয়েছে। এ কারনে এ সম্পর্কিত যথাযথ আইন প্রণয়নে আমি নিজে উদ্যোগী হবো।

সোমবার ব্র্যাক সেন্টারে বেসরকারি সংস্থা মানুষের জন্য আয়োজিত ‘বাংলাদেশে তথ্য জানার অধিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এ কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, প্রস্তাবিত ‘জনগনের তথ্য জানার অধিকার আইন’ যথাযথভাবে সংস্কার করে সংসদে প্রস্তাব করা হবে।

ব্যারিস্টার মওদুদ বলেন, তথ্য জানার অধিকার জনগণের একটি মৌলিক অধিকার। আমরা যদি এ ধারণা রেখে অগ্রসর হই তাহলে উন্নয়ন সম্ভব হবে।

আইনমন্ত্রী বলেন, তথ্য জানার অধিকারকে প্রতিষ্ঠিত করতে এর প্রাতিষ্ঠানিক রূপ দেয়া প্রয়োজন।

তিনি মন্তব্য করেন, জনগণকে তথ্য জানাতে আমাদের দক্ষতা, যথাযথ শিক্ষা এবং সচেতনতা প্রয়োজন।

মওদুদ বলেন, জনগণের তথ্য জানার অধিকার সম্পর্কিত বেশ কিছু আইন দেশে রয়েছে। এর মধ্যে দাপ্তরিক গোপনীয়তা আইন ১৯২৩, সরকারি চাকুরি বিধি (কনডাক্ট), এভিডেন্স অ্যাক্ট ১৮৭২, রুলস অব বিজনেস ১৯৯৬, দণ্ড বিধি, ফৌজদারি দণ্ড বিধি ১৮৯৮, ইত্যাদি উল্লেখযোগ্য।

তিনি বলেন, এ আইনগুলো যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে পারলে জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠিত হবে।

ব্যারিস্টার মওদুদ বলেন, পত্রিকাগুলো প্রায়ই তার কথা ভুলভাবে উদ্ধৃত করে।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, সরকার যদি স্বচ্ছ না হয় তাহলে সরকারের প্রতি জনগণের বিশ্বাস থাকবে না। এ কারনেই সরকারের উচিত জনগণকে তথ্য জানানো।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন মানুষের জন্য’র সভাপতি শাহিন আনাম।

সিপিডির নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের‌্য মধ্যে বক্তব্য রাখেন সংসদের তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবাদুর রহমান চৌধুরি এমপি, মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন, অ্যডভোকেট শাহ দিন মালিক, অ্যাডভোকেট সালমা আলী, অ্যাডভোকেট এলিনা খান, এবং সাংবাদিক শওকত মাহমুদ।