খুলনায় এমপি পুত্র কর্তৃক গৃহবধু নির্য়াতনের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা দায়ের ও তদন্ত কমিটি গঠন
জামায়তে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও খুলনা --৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুসের ছেলে শাহ মুহাম্মদ জুবায়ের নুরুল্লাহ কর্তৃক মধ্যযুগীয় কায়দায় গৃহবধু নির্যাতনের ঘটনায় শনিবার পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে সাংসদ পুত্র জুবায়ের সংবাদ সম্মেলনে করে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। তাছাড়া ঘটনা তদন্তে বাংলাদেশ মানবাধিকার সংস্থা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সূত্র জানায়, নির্যাতিত গৃহবধুর ছোট ছেলে মাহবুব আলম মিথুন শনিবার সংসদ সদস্য শাহ রুহুল কুদ্দুসের ছেলে শাহ মুহাম্মদ জুবায়ের নুরুল্লাহ, তার শ্বশুর মল্লিক ফকরুল আনাম, শ্বাশুড়ী হেলেনা বেগম, এলাকাবাসী সিজার ও ফারাজ আলীকে আসামী করে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে শাহ জুবায়ের বাদী হয়ে গৃহবধু সেলিনা আক্তার ওরফে শাহনাজ আক্তার, তার দুই ছেলে শরিফুল ইসলাম মিলন ও মাহবুব আলম মিথুনসহ ৪/৫ জনকে আসামী করে পাল্টা একটি মামলা দায়ের করেছেন। এছাড়া সকালে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ জুবায়ের গৃহবধু নির্যাতনের সাথে নিজের এবং তার পরিবারের জড়িত থাকার কথা অস্বীকার করেন।
এদিকে শনিবার সকালে কেএমপির ডিসি (সাউথ) আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (কোতয়ালী) হাসান বারী নূর এবং সোনাডাঙ্গা থানার ওসি আব্বাস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে নির্যাতিত গৃহবধুর দুই ছেলে, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনেন।
উল্লেখ্য, খুলনা ৬ আসনের সংসদ সদস্য শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুসের ছেলে শাহ জুবায়ের নুরুল্লাহ ও তার শ্বাশুড়ী হেলেনা বেগম শুক্রবার ঘর ভাড়া নিতে আসা জনৈক সেলিনা আক্তার ওরফে শাহনাজ আক্তারকে গাছের সাথে বেঁধে মারধোর ও মাথার চুল কেটে দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।
