২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় ৩ এসবি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে,

নিরাপত্তার নামে হাইকোর্টের দুই বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে এখনও কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 05:04 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

কার নির্দেশে পুলিশের বিশেষ শাখার (এসবি) ওই তিনজন কর্মকর্তা বিচারপতিদ্বয়কে এজলাস থেকে নামিয়েছিলেন এ নিয়েও এসবিতে চলছে পরস্পরকে দোষারোপ।

নাম প্রকাশ না করার শর্তে একটি গোয়েন্দা সূত্র জানায়, এসবি প্রধান, এডিশনাল আইজি ফরররুখ আহমদের নির্দেশে স্পশাল সুপার (এসএস) প্রোটেকশন ইয়াসমিন গফুর তিনজন এসবি কর্মকর্তাকে বিচারপতিদ্বয়ের এজলাসে পাঠান।

সূত্র আরও জানায়, বিচারপতিদের হয়রানির অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা   নেওয়ার প্রস্তুতি চলছে।

যদিও যাদের নির্দেশে ওই তিন কর্মকর্তা এজলাসে যায় সরকারের প্রিয়ভাজন হওয়ায় সেসব উর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে সূত্র জানায়।

এদিকে, ঘটনার পর থেকেই ২১ নম্বর আদালতের অন্যান্য কর্মচারীদের উপর ব্যাপক গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে। তারা যাতে কোন সংবাদিকের সাথে কথা বলতে না পারে সেজন্য ওই আদালতের চারদিকে সার্বক্ষণিক পাহারা জোরদার হচ্ছে বলে আদালতে সূত্র জানায়।

ফলে ২১ নম্বর আদালতের কর্মচারীরা এখন চরম নীরবতা পালন করছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) ওই আদালতের সহকারী বেঞ্চ অফিসার হারুণ-উর-রশীদের সাথে কথা হয়। তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে এই প্রতিবেদককে প্রথমে জানান। তিনি রহস্যজনক কারণে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অবশ্য ওই দিনের ঘটনাটি বর্ণনা করেন।

হারুণ-উর-রশীদ বলেন, বিচারপতিদ্বয় এজলাস থেকে নেমে কয়েক মিনিটের জন্য চলে যান। এসবির কর্মকর্তাদের সাথে কথা বলেই আবার ফিরে আসেন।

ঘটনার পর বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী দুঃখপ্রকাশও করেন।

যদিও এসবির পক্ষ থেকে এ ব্যাপারে কোন ধরণের দুঃখ প্রকাশ করা হয়নি। তারা এখনও বলছে প্রোটেকশনের জন্যই গাণম্যান পাঠানো হয়েছিল।

ওই ঘটনায় বিশিষ্ট আইনজীবী ও বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ অভিযোগ করেছিলেন যে, সরকারের ওপর মহলের নির্দেশে হাইকোর্টের বিচারপতিকে মামলার শুনানি চলাকালে এজলাস থেকে নেমে সরকারি গোয়েন্দা সংস্থা এসবি’র (স্পেশাল ব্রাঞ্চ) সদস্যদের সঙ্গে কথা বলতে বাধ্য করা হয়েছে।

তিনি ওই ঘটনাকে নজিরবিহীন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার পবিত্র সংবিধান ও বিচার বিভাগকে কিভাবে ধ্বংস করছে -- এটি তার একটি জ্বলন্ত প্রমাণ। আর যে মহামান্য বিচারপতিকে এভাবে নজিরবিহীন কাজ করতে বাধ্য করা হয়েছে, মাত্র দু’দিন আগে তিনি হাইকোর্ট থেকে ঘোষণা করেছিলেন একটি ঐতিহাসিক রায় ।

এ ব্যাপারে এসবির প্রধান ফররুখ আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।