২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ধর্মঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম অচল

বাংলাদেশ ছাত্রলীগের আহ্বানে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। দুইদিনব্যাপী ধর্মঘটের প্রথমদিনে বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়ে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

মঙ্গলবার ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মামুন গ্রুপের পাঁচ কর্মী গুরুতর আহত হয়। এর প্রতিবাদে তারা এই ধর্মঘট আহ্বান করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধর্মঘটের কারণে সকল লিখিত পরীক্ষা স্থগিত করলেও সাংবাদিকতা ও মাইক্রোবাইলোজি বিভাগের মৌখিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে।

সূত্র জানায়, আন্দোলনরত কর্মীরা ক্লাসরুমে তালা লাগিয়ে দেওয়ায় বেশিরভাগ ক্লাস অনুষ্ঠিত হয় নি।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ জেড এম নুরুদ্দিন চৌধুরী বলেন, ধর্মঘট সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক ছিল।

বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটে বাস ভাঙ্গার সাথে জড়িত ছাত্রদের বিরুদ্ধে পুলিশ হাটহাজারী থানায় মামলা দায়ের করেছে।

অন্যদিকে মামুন গ্রুপের কর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের সহ সভাপতি মাজেদুর রহমান অপর একটি মামলা দায়ের করেছেন।