২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনভেনশনে রাজনৈতিক নেতৃবৃন্দের অঙ্গিকার: জনতার ঐক্য গড়ে গণতান্ত্রিক সরকার গঠন করা হবে

প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ক্ষমতাসীন বিএনপি জামাত জোটকে উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর মদদদাতা হিসেবে চিহ্নিত করে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার গঠনের অঙ্গীকার ঘোষণা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ঢাকায় অনুষ্ঠিত সন্ত্রাসবিরোধী ঐক্য কনভেনশনের সমাপনী দিন বুধবার বিশেষ অধিবেশনে তারা এ অঙ্গীকার ঘোষণা করে বলেন, ওই সন্ত্রাসীরা দেশের গণমানুষের চেয়ে অনেক দুর্বল। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা রাজনৈতিক হত্যা, বোমা ও গ্রেনেড হামলা চালিয়ে মানুষ হত্যা ও দেশের মানুষকে নানাভাবে অত্যাচার নির্যাতন করে আতংক সৃষ্টি এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। বাংলাদেশকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে পিছিয়ে দিতে চায়।

তাই এ মুহূর্তে দেশপ্রেমিক জাগ্রত জনতার ঐক্য গড়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন কনভেনশনের আহ্বায়ক ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

বক্তব্য রাখেন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস।

প্রারম্ভিক বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম। সভা পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।