জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান, ‘ঢাকা ঘোষণা’ দিয়ে সন্ত্রাসবিরোধী কনভেনশন সমাপ্ত
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে বুধবার সমাপ্ত হয়েছে দু’দিনব্যাপী সন্ত্রাসবিরোধী ঐক্য কনভেনশন।
কনভেনশনের আহ্বায়ক ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ সন্ধ্যায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আট দফার এ ঘোষণা পাঠ করেন।
কনভেনশন থেকে দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকল দেশপ্রেমিক ও গণতন্ত্রমনা দেশবাসীকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে সকল গ্রেনেড ও বোমা হামলা, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং অস্ত্র পাচারের প্রতিটি ঘটনার সঠিক তদন্ত করে সন্ত্রাসীদের বিচারের কাঠগড়ায় হাজির করার দাবি জানানো হয় এ কনভেনশন থেকে। এ লক্ষ্যে রাজনৈতিক প্রভাবমুক্ত নিরপেক্ষ একটি তদন্ত কমিশনকে দায়িত্ব অর্পণ এবং একাজে জাতিসংঘ সন্ত্রাসবিরোধী ইউনিটকে সম্পৃক্ত করার কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।
ঢাকা ঘোষণার অন্যান্য দাবির মধ্যে রয়েছে: সবরকম সাম্প্রদায়িকতা এবং রাজনৈতিক স্বার্থে ধর্মের অপব্যবহার বন্ধ, জঙ্গিবাদি ও উগ্রপন্থীদের নির্মূল করার সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ এবং দেশব্যাপী ছড়িয়ে থাকা বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ধ্বংস করা।
ঢাকা ঘোষণায় সংবিধান বহির্ভূত শাসন ব্যবস্থা, অবৈধ অভিযাত্রা এবং সকল প্রকার আইন বহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কনভেনশনের আহ্বায়ক ঢাকা ঘোষণায় বলেন, দেশে সশস্ত্র সন্ত্রাসের ভয়াবহ বিস্তার এবং সংগঠিত সশস্ত্র গোষ্ঠীর বিধ্বংসী কর্মকাণ্ডে জাতীয় নিরাপত্তা বিপন্ন এবং দেশের সংবিধান হুমকির মুখে। এ অপতৎপরতা অবসানের জন্যে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য কামনা করা হয় এ কনভেনশনে।
