সরকার দেশকে সর্বনাশের শেষ সীমায় নিয়ে গেছে, দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ হোন: সন্ত্রাসবিরোধী কনভেনশনে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি জামাত জোটের বিরুদ্ধে সর্বস্তরের দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
ঢাকায় মঙ্গলবার সকালে সন্ত্রাসবিরোধী ঐক্য কনভেনশন ২০০৫’র উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসী জোট সরকার দেশকে সর্বনাশের শেষ সীমায় নিয়ে গেছে। পুরো রাষ্ট্রীয় কাঠামোকে তারা বিপর্যস্ত করেছে। অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে তারা গোটা দেশকে করেছে ক্ষত বিক্ষত, রক্তাক্ত। বাংলাদেশের স্বাধীনতা, পতাকা ও সংবিধান সঙ্গীনের খোঁচায় ক্ষত বিক্ষত। বিভৎস অবস্থা এখন বাংলাদেশের। সবার কাছে বাংলাদেশ আজ আতংকের দেশ।
মুক্তিকামী মানুষের ঐক্য কামনা করে আওয়ামী লীগ প্রধান বলেন, এ সর্বনাশের হাত থেকে দেশকে বাঁচাতে যে যেখানে আছেন, সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। জেগে উঠতে হবে দেশবাসীকে।
তিনি বলেন, সব কিছুর মূলে রয়েছে অবৈধ ক্ষমতা দখল। তাই ভোট কারচুপি যেন চিরতরে বন্ধ হয়, সেজন্যে ঐক্য গড়ে তুলতে হবে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ কনভেনশনে শেখ হাসিনা সন্ত্রাসবাদের শিকার সকল নিহত ও আহত মানুষের পক্ষে বক্তব্য রাখেন। এসময় ২১ আগস্টসহ বিভিন্ন গ্রেনেড ও বোমা হামলায় আহত হয়ে বিকলাঙ্গ হওয়া নেতাকর্মীরা মঞ্চে উপস্থিত ছিলেন।
পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শিশুপুত্র রাসেলসহ সপরিবারে নৃশংসভাবে হত্যা এবং গত বছরের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২২ জনকে হত্যা এবং অসংখ্য নেতাকর্মীকে আহত করার ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শেখ হাসিনা।
কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, জাতির কী দুর্ভাগ্য, স্বাধীনতার ৩৫ বছরেও দেশের মানুষ নিরাপদ নয়। সরকারের পৃষ্ঠপোষকতায় চলছে সন্ত্রাস। কেড়ে নেওয়া হয়েছে জনগণের অধিকার।
শেখ হাসিনা বলেন, আমরা আর রক্ত চাইনা। বোমা চাইনা। বাংলাদেশের জনগণকে নিয়ে আর ছিনিমিনি খেলতে দিতে পারি না। দেশকে এভাবে নিঃশেষ হতে দিতে পারি না। সন্ত্রাস, বোমাবাজিমুক্ত উন্নত সম্মানিত বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা।
আবেগাপ্লুত কণ্ঠে শেখ হাসিনা বলেন, মৃত্যুকে আমি ভয় পাই না। আমি রক্ত দিতে প্রস্তুত। জীবন দিতে প্রস্তুত। আমার রক্ত নিয়ে, জীবন নিয়ে যদি ওদের তৃপ্তি মেটে, আমি দিতে প্রস্তুত আছি। কিন্তু ঘাতকের দল যেন আর কারও রক্ত না ঝরায়।
দৃপ্ত শপথ উচ্চারণ করে তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, শহীদদের রক্তের শপথ নিয়ে বলছি, ন্যায় ও সত্যের জন্যে আমি লড়ে যাবো। দেশকে সন্ত্রাসমুক্ত করবো। দেশের মানুষকে সন্ত্রাসী ও সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে রক্ষা করবো।
