আ.লীগের বিশাল শোক মিছিল, জোটের পতন ও জনগণের সরকার গঠন করে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকরের শপথ
বিএনপি জামাত জোট সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের সরকার প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করার শপথের মধ্য দিয়ে আওয়ামী লীগ সোমবার রাজধানীতে বিশাল শোক মিছিল বের করেছে।
বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যতোই ষড়যন্ত্র করুন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার করেই অবাধ নিরপেক্ষ নির্বাচন আদায় করা হবে।
তিনি বলেন, বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে সারাদেশে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, তাতেই প্রমাণিত হয় বঙ্গবন্ধুকে হত্যা করলেও খুনিরা তার আদর্শকে হত্যা করতে পারেনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খুনির কাছে খুনের বিচার চেয়ে লাভ নেই। খুনি জোট সরকারকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করবো।
মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, মুকুল বোস, আওয়ামী লীগের কানাডা কমিটির সভাপতি সারোয়ার হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট সাহারা খাতুন, আলহাজ্ব রহমত উল্লাহ্, আলহাজ্ব মকবুল হোসেন ও হাজী মোহাম্মদ সেলিম।
আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতা কর্মী ও মিছিলে অংশ নেওয়া হাজার হাজার স্বত:স্ফূর্ত জনতা জাতীয় ও দলীয় পতাকা, কালো পতাকা, ব্যানার, ফেষ্টুন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি সংবলিত পোষ্টার বহন করে। মাইকে বাজানো হয় বঙ্গবন্ধুর ভাষণ। শেষ ভাগে ছিলো ট্রাক মিছিল।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা একটি ট্রাকে চড়ে মিছিলে নেতৃত্ব দেন।
এদিকে, শোক মিছিলে অংশ নিতে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের নগরীর বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মিছিল পূর্ব সমাবেশ থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করে বলেন, পুলিশ ও সরকার দলীয় ক্যাডাররা বিভিন্ন এলাকায় মিছিলে হামলা করেছে। মিরপুর-পল্লবী এলাকা থেকে মিছিলে অংশ নিতে আসা ১শ’ ১০ ট্রাক তারা জোর করে আটকে দিয়েছে।
বিক্ষুব্ধ নেতা কর্মীরা ট্রাক থেকে নেমে ঘটনার প্রতিবাদে শ্লোগান দেয় এবং রাস্তা অবরোধ করে অবস্থান নেয়।
