২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, এক আসনে বিএনপি’র প্রার্থী বদল

বিএনপি’র একজন প্রার্থীর মনোনয়নপত্র পরিবর্তনের মধ্য দিয়ে জাতীয় সংসদে সংরক্ষিত ৪৫টি নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ক্ষমতাসীন জোটের তিন দল ও জাতীয় পার্টির প্রার্থীরা শনিবার বরাদ্দকৃত ৩৬টি আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

আসনগুলোর মধ্যে বিএনপি ৩০টি, জামায়াতে ইসলামী তিনটি, জাতীয় পার্টি (এরশাদ) দুটি এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি-মতিন) একটি আসনে মনোনয়নপত্র দাখিল করে।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আগেই জানিয়েছে, এ নির্বাচনে তারা অংশ নেবে না। তাই তাদের জন্য বরাদ্দ নয়টি আসনে মনোনয়নপত্র জমা পড়েনি।

এদিকে বিএনপি প্রার্থী শহিদুন্নাহার কাজী হেনা সরকারি চাকরি থেকে পদত্যাগের মূল কপি দিতে ব্যর্থ হওয়ায় নাটকীয়ভাবে তার মনোনয়নপত্র পরিবর্তন করা হয়েছে। তার স্থলে রাজশাহী মহিলা জাতীয়তাবাদী দলের সভাপতি জাহান পান্নার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

তবে শহিদুন্নাহার কাজী হেনা বলেন, তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত ৯ আগস্ট রেলওয়ের সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। তিনি জানান, পদত্যাগপত্রের অনুলিপি দিয়ে মনোনয়নপত্র দাখিল করতে কোনও আইনি বাধা নেই।

বিএনপি নেতৃবৃন্দ তাকে আশ্বাস দিয়েছেন, আওয়ামী লীগ অংশ না নিলে পরবর্তীতে তাদের নয়টি আসনের যেকোনও একটিতে তাকে মনোনয়ন দেওয়া হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, রোববার মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন আগামী ১ সেপ্টেম্বর।

সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত মহিলা আসনে বিএনপি ৩০টি, আওয়ামী লীগ নয়টি, জামায়াতে ইসলামী তিনটি, জাপা (এরশাদ) দুটি ও জাপা (মতিন) একটি আসন পাবে।

বিএনপির যে ৩০ জন নেত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, সারোয়ারী রহমান, সেলিনা রহমান, শাহরিয়ার আখতার বুলু, খালেদা পান্না, রাবেয়া চৌধুরী, খালেদা রব্বানী, ইয়াসমিন আরা হক, বেগম শামসুন্নাহার খাজা আহসানুল্লাহ, বিলকিস ইসলাম, রওশন আরা ফরিদ, শাহানা রহমান রাণী, হেলেন জেরিন খান, রোজী কবির, নূরে আরা শাফা, সৈয়দা নার্গিস আলী, চমন আরা, আবেদা চৌধুরী, রেহানা আখতার রানু, অ্যাডভোকেট ফেরদৌস আখতার ওয়াহিদা, অধ্যাপক বিলকিস জাহান শিরিন, রীনা পারভীন, নূর আফরোজ জ্যোতি, হোসনে আরা গিয়াস, তাসমিন রানা, শাম্মী শের, রোকেয়া আহমেদ লাকি, সুলতানা আহমেদ, নূরজাহান ইয়াসমিন, রায়হান আখতার বানু ও জাহান পান্না।

মহিলা আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা হলেন, শাহানারা বেগম, সুলতানা রাজিয়া ও ড. আমেনা বেগম। মনোনয়নপত্র দাখিলকারী এ তিন নেত্রীর সকলেই কেন্দ্রীয় মহিলা মজলিশ-ই-সূরার সদস্য।

জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়ন দাখিলকারীরা হচ্ছেন, এইচ এম এরশাদের ছোট বোন মেরিনা রহমান ও দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা রাজিয়া ফায়েজ। বিজেপি মতিন গ্রুপের একমাত্র প্রার্থী হচ্ছেন নাবিলা চৌধুরী।

এদিকে আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচন কমিশন আগামী ৬ সেপ্টেম্বরের নির্বাচনের পর ২১ কর্মদিবসের মধ্যে তাদের জন্য বরাদ্দ নয়টি আসনে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করবে।

বড় দল হিসেবে আওয়ামী লীগের নয়টি আসনই পাবে বিএনপি।