জেএমবি’র আঞ্চলিক কমান্ডার গোলাম মোস্তফা আবার তিন দিনের রিমান্ডে
১৭ আগস্টের বোমা হামলার সাথে জড়িত সন্দেহে নীলফামারীর জলঢাকা উপজেলার আনসারহাট থেকে গ্রেফতারকৃত জেএমবি’র আঞ্চলিক কমান্ডার গোলাম মোস্তফাকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পাঁচদিনের রিমান্ড শেষে গোলাম মোস্তফাকে বুধবার আদালতে হাজির হলে আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত ।
মামলার তদন্তকারি কর্মকর্তা নীলফামারী সদর থানার ওসি সোহরাব আলী জানিয়েছেন, জেএমবি’র সাথে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও ১৭ আগস্টের বোমা হামলার ব্যাপারে গোলাম মোস্তফা মুখ খোলেনি। তবে তার কাছে পাওয়া গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার দুপুর ২টায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গোলাম মোস্তফাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের চেম্বারে আনা হয়। এসময় গোটা আদালত প্রাঙ্গণে পুলিশ মোতায়েন রাখা হয়। সাংবাদিকরা তার ছবি তুলতে গেলে পুলিশ তাকে আড়াল করে রাখে।
পুলিশ জানিয়েছে, গোলাম মোস্তফার পিতা আতিয়ার রহমান তার পুত্রের জেএমবি সাথে যোগাযোগের কথা স্বীকার করেছেন। তবে জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত জেএমবির এই আঞ্চলিক কমান্ডারকে পুলিশ বিভিন্ন পর্যায়ে জিজ্ঞাসাবাদ করেও কিছু বের করতে পারেনি। জিজ্ঞাসাবাদকালে এই জঙ্গি নেতা বিভিন্ন কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্ঠা করছে বলে একটি সূত্র জানিয়েছে। পুলিশ সুপার সোয়েব আহমেদ জানিয়েছেন, গোলাম মোস্তফা কেবল একটি কথাই বলছে, তা হলো-‘সবাই সন্দেহ করে আমার জীবনটা শেষ করে দিলো’।
