২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশবাসীকে ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 09:02 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) একটি প্রতিনিধি দল ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বোমা বিস্ফোরণের জন্যে দায়ী দুর্বৃত্তদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনার তদন্ত চলছে। আইনের আওতায় দোষীদের বিচার ও শাস্তি হবে।

তিনি বলেন, তবে এ ক্ষেত্রে নিরীহ ব্যক্তিরা যেন হয়রানীর শিকার না হয়, সে জন্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আহ্বান জানিয়ে আরো বলেন, পরিস্থিতি মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলের সমর্থন ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

বিজেপি সাংসদ ডা. এমএ মতিন, এমএম আমিন উদ্দিন, কাজী আলাউদ্দিন এবং কাজী আনোয়ার হোসেন প্রতিনিধি দলে নেতৃত্ব দেন।

তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ১৭ আগস্টের ঘটনায় সরকার এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। তারা চীন সফরের সাফল্যে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, বিজেপি নেতারা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।