এবার মসজিদ ও স্কুলে বোমা মেরে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর নতুন পরিকল্পনা হয়েছে
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ‘হাওয়া ভবনে’ বসে এবার মসজিদ-মাদ্রাসা ও স্কুলে বোমা মেরে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর নতুন পরিকল্পনা হয়েছে বলে খবর পেয়েছি।
মঙ্গলবার এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, উগ্র সশস্ত্র সাম্প্রদায়িক সন্ত্রাসীদের মদদদাতা বিএনপি জামাত জোট একের পর এক বোমা ও গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীসহ মানুষ হত্যা করছে। আর আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে প্রকৃত অপরাধীদের রক্ষা ও মদদ দিচ্ছে।
শেখ হাসিনা অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার রাজনৈতিক কৌশল হিসেবে সরকার হত্যা, সন্ত্রাস ও বোমাবাজি চালিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান ক্ষুন্ন করছে। আর খুনি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে, অপরাধীদের আশ্রয় প্রশ্রয় ও উৎসাহ দিয়ে দেশকে পিছিয়ে দিচ্ছে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে চট্টগ্রাম জন্মাষ্টমী উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা বলেন, বঙ্গবন্ধু পবিত্র সংবিধানে সকল ধর্মের মানুষের ধর্ম পালনে সমঅধিকার নিশ্চিত করেছিলেন। কিন্তু ৭৫-এর ১৫ আগস্ট জাতির জনককে নির্মমভাবে হত্যা করে জেনারেল জিয়া কলমের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করেন। সংবিধানের ১২ অনুচ্ছেদ বিলুপ্ত করে সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতি করার অধিকার দিয়ে তিনি যে বীষবৃক্ষ রোপণ করেন, তা মহীরুহ হয়ে বর্তমানে গোটা বাংলাদেশকে ক্ষত বিক্ষত করছে।
গত ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার জড়িত না থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না।
শেখ হাসিনা বলেন, এ ধরনের বোমা হামলা চালিয়ে আতংক সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, ধরপাকড় ও ক্রস ফায়ারে হত্যা এবং আমাকে হত্যাই ছিলো ওই হামলার মূল উদ্দেশ্য। সরকার সবই জানে বলে ১৭ আগস্টের ঘটনার পর সরকারি কোনো তৎপরতা ছিলো না।
তিনি বলেন, বিএনপি জামাত জোট সরকারকে মানুষ প্রত্যাখান করেছে বলে তারা দুর্নীতি, লুটপাট করে গড়া অর্থ সম্পত্তি রক্ষা করতে উন্মাদের মতো আচরণ করছে। কারো জীবনে শান্তি নেই। নিরাপত্তা নেই। চরম শংকার ভেতর দিয়ে মানুষ দিন কাটাচ্ছে। দেশকে কোথায় নিয়ে যাচ্ছে তারা-প্রশ্ন করেন শেখ হাসিনা।
দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে আওয়ামী লীগ প্রধান বলেন, গত জাতীয় নির্বাচনে যারা ফলাফল পাল্টেছিলেন, তারা কি আজ গভীরভাবে ভেবে দেখবেন, কী সর্বনাশটা তখন করেছিলেন?
হিন্দু ধর্মীয় নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমরা শত্রু সম্পত্তি আইন বাতিল করেছিলাম। কিন্তু জোট সরকার এটি নিয়ে নতুন খেলা শুরু করেছে। তিনি বলেন, আপনারা একবার তুলনা করে দেখুন, আমাদের সময়ে আপনারা কেমন ছিলেন। আর বর্তমান জোট আমলে কেমন আছেন।
শেখ হাসিনা বিএনপি জামাত জোটকে উগ্র সশস্ত্র সাম্প্রদায়িক সন্ত্রাসীদের মদদদাতা ও দেশ ধ্বংসকারী উল্লেখ করে এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্যে সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ রনজিত কুমার চট্টোপাধ্যায়, সভাপতি সুজিত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দেসহ সভাপতি সুকুমার চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আ.লীগের ত্রাণ তহবিলে অর্থ প্রদান
হল্যাণ্ড আওয়ামী লীগের সভাপতি মায়িদ ফারুক মঙ্গলবার সকালে শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাৎ করেন। এসময় তিনি হল্যান্ড শাখা আওয়ামী লীগের কার্যক্রম তুলে ধরেন এবং কমিটির পক্ষ থেকে আওয়ামী লীগ সভানেত্রীর ত্রাণ তহবিলে এক লাখ টাকা প্রদান করেন।
