বোমা হামলার বিষয়ে মান্নান ভূঁইয়ার বক্তব্য সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি : জলিল
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বোমা হামলা ব্যাপারে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বক্তব্যকে সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বক্তব্যের জবাবে একথা বলেন। তিনি মান্নান ভূঁইয়ার বক্তব্যকে বোমা হামলাকারীদের রক্ষার ধারাবাহিক পরিকল্পনার অংশ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, একদিকে বিএনপি জামাত জোট সরকার উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী ও বোমাবাজদের উস্কে দিচ্ছে, অন্যদিকে বিরোধী দলের কাঁধে দোষ চাপানোর অপচেষ্টা করছে।
আব্দুল জলিল বলেন, উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক ব্যক্তিরা সরকারের মন্ত্রীর আসনে বসে বোমা হামলার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। যারা এদেশে তালেবানি শাসন কায়েম করতে চায়, তাদের সঙ্গে রেখে এ সরকারের পক্ষে বোমা হামলার নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়।
