মাসউদ গ্রেফতার ঘটনায় উলামা মাশায়েখদের প্রতিবাদ
বোমা হামলায় জড়িত সন্দেহে ইসলামী ফাউন্ডেশনের সাবেক পরিচালক ও ইকরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মওলানা ফরিদ উদ্দীন মাসউদ-এর আটক হওয়ার প্রতিবাদ জানিয়েছেন দেশের কয়েকজন উলামা মাশায়েখ। তারা এই ঘটনাকে রাজনৈতিক, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।
ইকরা বাংলাদেশ-এর সহযোগী সংগঠন ইসলাহুল মুসলিমীন-এর কার্যালয়ে উলামা মাশায়েখরা এক প্রতিবাদ সভায় এই গ্রেফতারের প্রতিবাদ জানান।
সভায় ঢাকার কাজী মুসতাসিম বিল্লাহ, ময়মনসিংহের মওলানা শরফুদ্দীন পীর সাহেব, নরসিংদীর মুফতি মুহাম্মদ আলী, লাকসামের মওলানা আসআদ আল হুসাইনী, কুমিল্লার মওলানা হাফেজ আবদুর রহিমসহ দেশের কয়েকটি জেলার দায়িত্বপ্রাপ্ত ইকরা বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় তারা জোট সরকারের এ আচরনের তীব্র সমালোচনা করেন।
এদিকে, মঙ্গলবার খিলগাঁও চৌধুরীপাড়ার ১১৫৮/২ নম্বরের হোল্ডিং নম্বরে গড়ে ওঠা বিশাল মাদ্রাসায় এ প্রতিবেদক গেলে মাদ্রাসার কয়েকজন ছাত্র তাড়াহুড়ো করে ভেতরে চলে যায়। মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে দেখা করতে চাইলে হুসেইনুর বান্না নামের মাদ্রাসার এক শিক্ষক দেখা করে বলেন, ফরীদ উদ্দীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। গ্রেফতারের প্রতিবাদে তারা বুধবার (আগামীকাল) সংবাদ সম্মেলন করবেন বলেও তিনি জানান।
মাদ্রাসার পাশের মসজিদে নামাজ পড়তে আসা ওই এলাকার মওলানা আসাদুজ্জামান জানান, তারা ফরীদ উদ্দীন মাসউদকে অনেক আগে থেকেই চেনেন।
একটি রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে বোমা হামলার সাথে জড়িত বলে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে আসাদুজ্জামান জানান।
এদিকে একই এলাকায় ২৬২/বি নম্বরের বাড়িতে গড়ে ওঠা ইকরা কিন্ডারগার্টেন স্কুলেও গোয়েন্দা কর্মকর্তারা হানা দিয়েছে।
বাড়ির মালিক আলী ইফতিয়ার বিডিনিউজকে জানান, দেড় বছর আগে হাফেজ মোস্তফা তার কাছ থেকে আট হাজার টাকায় স্কুল চালানোর নামে বাড়ি ভাড়া নেন।
মওলানা মোস্তফা মালিবাগ বড় মসজিদ এবং চৌধুরীপাড়া নূর মসজিদে হাদিস শিক্ষা দেন বলে আলী ইফতিয়ার জানান। গত বৃহস্পতিবার থেকে মওলানা হাফেজ মোস্তফাকে স্কুলে তিনি দেখছেন না বলেও জানান।
আলী ইফতিয়ার বলেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্তবাড়ি ব্যবহার করার কথা বললেও গত দেড় মাস ধরে তারা এখানে কোচিং সেন্টার খুলে সন্ধ্যা অবধি ব্যবহার করছেন। মেরাদিয়ায় তাদের একই নামে আরেকটি মাদ্রাসা আছে ।
এলাকার সুইপার আনোয়ার হোসেন বিডিনিউজকে জানান, ইকরা কিন্ডারগার্টেনে প্রতিদিন অনেক মওলানার আনাগোনা তিনি দেখেছেন।
তবে তাদের কার্যক্রম সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান।
এদিকে মওলানা ফরিদউদ্দিন মাসউদ আদালতে রিমান্ড শুনানিকালে বলেন, জামায়াতে ইসলামী আমাকে ফাঁসিয়েছে। মতিউর রহমান নিজামী এ বোমা হামলার সঙ্গে জড়িত, আমি নই।
বিমান বন্দর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নিয়েছে।
সোমবার লন্ডন যাওয়ার সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাওলানা ফরিদ উদ্দীন মাসউদকে (৫৭) ইমিগ্রেশন পুলিশ আটক করে।
