‘সন্ত্রাসের বিরোধী ঐক্য’ র্শীর্ষক জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে ৩০ ও ৩১ আগস্ট
আগামী ৩০ ও ৩১ আগস্ট সমাজের বিভিন্ন শ্রেণীর ও পেশার মানুষের সমন্বয়ে ‘সন্ত্রাস বিরোধী ঐক্য’ র্শীর্ষক জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে ৪০১ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার কনভেনশনের আহবায়ক ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, আইনের শাসন না থাকা, সন্ত্রাসীদের প্রতি সরকারের নমনীয়তা, রাষ্টের ইচ্ছাকৃত উদসীনতায় উগ্র সশস্ত্র গোষ্ঠীর উত্থান ও আন্তজার্তিক সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতায় দেশ আজ বিপন্ন।
তিনি আরো বলেন, সন্ত্রাস মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে ও আমাদের অবস্থান সংহত করতেই দু’দিনব্যাপি এই কনভেনশনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুল মাল আবদুল মুহিত, রামেন্দু মজুমদার, গোলাম কুদ্দুস প্রমূখ।
দেশের বিভিন্ন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাজনৈতিক দলসমূহ, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণীর ও পেশার মানুষের প্রতিনিধিত্বে কনভেনশন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শেখ হাসিনা এ সম্মেলনে বক্তব্য রাখবেন।
দু’দিনের এই কনভেনশন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মানবতার বিরুদ্ধে অপরাধ নামে এ ধরণের আরো একটি কনভেনশেন ২০০২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল।
