বোমা হামলার তদন্তে সহযোগিতা না করায় আওয়ামী লীগকে অভিযুক্ত করেছেন মান্নান ভূঁইয়া
আওয়ামী লীগের অভিযোগের জবাবে সোমবার এক সমাবেশে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, পূর্ববর্তী বোমা হামালাগুলোর তদন্তে আওয়ামী লীগ সহযোগিতা করেনি।
বিএনপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন চার দলীয় জোট সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার ইতিমধ্যেই এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিয়েছে।
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মান্নান ভূঁইয়া বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারে সরকার শিগগিরই চার্জশিট প্রদান করবে।
সোমবার মুক্তাঙ্গনে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সরকার ইতিমধ্যে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই চার্জশিট প্রদান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি আয়োজিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর শাখা সোমবার বিকালে এ সমাবেশের আয়োজন করে। মহানগর বিএনপির সভাপতি ও মেয়র সাদেক হোসেন খোকা এতে সভাপতিত্ব করেন।
আওয়ামী লীগের শাসনামলে কোনও বোমা হামলার মামলা পরিচালনা না করায় তিনি আওয়ামী লীগের প্রতি নিন্দা জানান।
তিনি বলেন, দ্রুত বিচার আদালতের আওতায় আমরা বোমা হামলা মামলাগুলোর বিচারের পদক্ষেপ নিয়েছি। কিবরিয়া হত্যা মামলায় আমরা ইতিমধ্যে চার্জশিট দাখিল করেছি।
আওয়ামী লীগের হরতালের সমালোচনা করে তিনি বলেন, কোন কারণ ছাড়া হরতাল ডেকে আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।
তিনি আরো বলেন, তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে প্রমান করতে চায় বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র।
তিনি আওয়ামী লীগকে সতর্ক করে দিয়ে বলেন, এদেশ ব্যর্থ রাষ্ট্র হবে না বরং তারাই ব্যর্থ।
বিএনপি যুগ্ম মহাসচিব তারেক রহমান এতে উপস্থিত থাকলেও তিনি কিছু বলেননি।
ড.খন্দকার মোশাররফ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভালো হচ্ছে তখন বোমা হামলা করে কেউ সুবিধা নিতে চায় এবং তারা দেশে বিনিয়োগ বন্ধ করতে চায়। তিনি বলেন, জনগনকে সাথে নিয়ে এদের দমন করতে হবে।
সমাবেশে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, পূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান, গয়েশ্বর রায়, আমানুল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু এবং আব্দুস সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
