স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান সভা না ডেকে সংবিধান লংঘন করছেন: মো. নাসিম
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও আওয়ামী লীগের সাংসদ মোহাম্মদ নাসিম বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সরকারকে রক্ষা করতে কার্যপ্রণালী বিধি লংঘন করে সভা আহ্বান করছেন না।
জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় উপ নেতার কার্যালয়ে সোমবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মোহাম্মদ নাসিম আরও বলেন, স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মিয়া কার্যপ্রণালী বিধির ২৪৮ নং ধারা লংঘন করে গত চার মাস ধরে কোনো সভা করছেন না।
তিনি জানান, ২৮ এপ্রিল স্থায়ী কমিটির সর্বশেষ সভায় সিদ্ধান্ত হয়েছিল, ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে। কিন্তু সরকারকে বাঁচাতে চেয়ারম্যান আর সভা ডাকছেন না।
তিনি আরও জানান, ৩০ জুলাই এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি দিয়ে তাকে সভা ডাকতে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু স্পিকার কোনো উত্তর দেননি। সভা ডাকার আহ্বান জানিয়ে গত সোমবার তাকে আবার একটি চিঠি দিয়েছি।
এ ব্যাপারে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে প্রশ্ন করা হলে তিনি জানান, আগের চিঠিটি তিনি পেয়েছেন এবং তা কমিটির চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছেন। এপর কী হয়েছে, তা আমি জানি না। কমিটির চেয়ারম্যানের সঙ্গে আবার আমি কথা বলবো।
প্রেস ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং হেলালউদ্দিন এমপি উপস্থিত ছিলেন।
