বোমা হামলার জন্য আওয়ামী ওলামা লীগকে দায়ী করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সোমবার দেশব্যাপী বোমা হামলার ঘটনায় প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে দায়ী করেছে।
ফোরামের নেতারা বলেন, আওয়ামী লীগের প্ররোচইায় চরমপন্থী আওয়ামী ওলামা লীগ ১৭ আগস্ট দেশব্যাপী বোমা চালিয়েছে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জয়নুল আবেদীন বলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফরের ব্যাপারে বিরুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করতে এবং বাংলাদেশের অভ্যন্তরে চরমপন্থি তালেবানদের উপস্থিতি রয়েছে তা প্রমাণ করতে পরিকল্পিতভাবে বোমা হামলার ঘটনা ঘটানো হয়েছে।
তিনি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র প্রতিহত করতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ফোরাম নেতারা বলেন, যারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বলে প্রমাণ করতে চায় তারা পরিকল্পিতভাবে বোমা হামলা চালিয়েছে যাতে বিশ্বে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার নীল নক্সা বাস্তবায়িত হয়।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ফোরামের একটি অংশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দক্ষিণ হলে আয়োজিত এক সভায় নেতারা বক্তব্য দিতে গিয়ে একথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম আহ্বায়ক এম শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব গোলাম কিবরিয়া ও হেলালউদ্দিন মোল্লা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, জামান আক্তার বুলবুল, আব্দুর রশিদ খান, জামিল আক্তার এলাহী, আতিকুল করিম, শওকাতুল হক এবং ইব্রাহিম খলিল।
