বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী খালেদা জিয়া বোমা হামলার ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেছেন, যারাই এ ঘটনা ঘটিয়েছে, তারা দেশ ও জাতির শত্রু। তারা চায় না আমরা অর্থনৈতিকভাবে সফল হই।
তিনি বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, বহুদলীয় গণতন্ত্রে নানা মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
সোমবার বিজিএমইএ, বিটিএমইএ ও বিকেএমইএ’র ১৪ জন ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে একযোগে বোমা হামলাকারী প্রকৃত দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, এরই মধ্যে বোমা হামলাকারীদের সনাক্ত করার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশকিছু অগ্রগতি হয়েছে।
ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীকে বলেন, ১৭ আগস্ট বোমা হামলার ঘটনা সামগ্রিক অর্থনীতির ওপর আঘাত হেনেছে। এরফলে বৈদেশিক মুদ্রা অর্জন ও রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করতে ধংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এটি সত্যিই দুঃখজনক।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিএমইএ সভাপতি আনিসুল হক, বিটিএমইএ চেয়ারম্যান এমএ আউয়াল এবং বিকেএমইএ সভাপতি ফজলুল হক।
এ সময় জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
