প্রধানমন্ত্রীর কাছে দু’মন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেন
প্রধানমন্ত্রীর কাছে তার মন্ত্রীসভার দুজন সদস্যের ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ সম্পর্কে দেওয়া বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন বিকল্পধারা বাংলাদেশ’র সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী এবং জাতীয় ঐক্য মঞ্চ’র সভাপতি ড. কামাল হোসেন।
বোমা হামলা সম্পর্কে পরস্পর বিরোধী বক্তব্য দেওয়ার কারণে পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান অথবা শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে তারা দাবি জানান। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন এ দ্ইু নেতা।
১৭ আগস্টের বোমা হামলা সম্পর্কে জাতীয় প্রেসক্লাবে ২০ আগস্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নিজামী বলেছিলেন, ভারতীয় র’ এবং ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাড এ ঘটনার জন্যে দায়ি। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খান রোববার এক প্রশ্নের জবাবে জানান, জামায়াতে ইসলামীর আমির হিসেবে নিজামী এ কথা বলেছেন, সরকারের মুখপাত্র হিসেবে নয়। তবে তিনি হামলার জন্যে কাউকে দায়ী করেন নি।
সংবাদ সম্মেলনে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী এবং ড. কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী তার সহকর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ। প্রধানমন্ত্রী যদি তা করতে ব্যর্থ হন, তাহলে দেশের সাংবিধানিক গণতন্ত্র ধ্বংসের জন্যে তিনি দায়ী থাকবেন।
তারা আরও বলেন, দেশের মানুষের সম্পদ ও জীবনের নিরাপত্তা রক্ষায় সরকারের কর্মকান্ডের উপর জাতির এখন আর আস্থা নেই।
দুই নেতা আরও বলেন, ধারাবাহিক বোমা বিস্ফোরণ শুধু দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে প্রমান করেনি, এতে সরকারের ব্যর্থতা ও অব্যাহত জঙ্গী তৎপরতা বৃদ্ধি রোধে দুর্বলতার দিকটিও প্রকাশিত হয়েছে। তারা এ সমস্যা সমাধানে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান।
দুইনেতা আর জানান, অপশক্তির হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে বিকল্পধারা বাংলাদেশ ও জাতীয় ঐক্যমঞ্চ অভিন্ন কর্মসূচি গ্রহণ করার লক্ষ্যে সকল গণতান্ত্রিক দলকে আলোচনার আহ্বান জানানো হবে।
বিকল্পধারা বাংলাদেশ’র সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী এবং জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ঐক্যমঞ্চের সম্পাদক কমান্ডার আবদুর রউফ। এসময় আরও উপস্থিত ছিলেন বিকল্পধারার সাধারণ সম্পাদক মেজর (অব.) আবদুল মান্নান, কেন্দ্রীয় নেতা ফিরোজ এম হাসান প্রমুখ।
