বিটিভি ও বেতারে পাঁচ মিনিট সময় চেয়েছেন ড. কামাল
জাতীয় ঐক্য মঞ্চ’র সভাপতি ড. কামাল হোসেন সোমবার সরকারের কাছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এ পাঁচ মিনিট সময় চেয়েছেন।
বোমা বিষ্ফোরণ ও গ্রেনেড হামলার প্রেক্ষিতে জাতির উদ্দেশ্যে তার বক্তব্য তুলে ধরতে চান দেশের প্রখাত এই আইনজ্ঞ ও সংবিধান প্রণেতা।
ড. কামাল বলেন, এ সব হামলার ব্যাপারে সরকার সিরিয়াস হলে আমাকে পাঁচ মিনিট সময় দিতে পারেন, আমরা জাতির কাছে আমাদের অবস্থান, কার্যক্রম ও ধারণা তুলে ধরতে পারি।
এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, স্বচ্ছতা ও জাবাদদিহিতা না থাকলে এ দেশে বসবাস করা সম্ভব নয়।
বিকল্প ধারা বাংলাদেশ ও জাতীয় ঐক্য মঞ্চের যৌথ উদ্যোগে আয়েজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি। গত ১৭ আগস্ট দেশজুড়ে একযোগে বোমা বিষ্ফোরণের ঘটনার পর দেশের উদ্ভুত পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ড. কামাল বলেন, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি জাতীয় টেলিভিশন ও বেতারে এ সময়টুকু চাইছেন।
তিনি বলেন, আমি একজন সাধারণ নাগরিক, সরকার যদি আমাকে এ সুযোগ না দেন তাহলে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে দিতে পারেন যিনি দেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন।
