২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট তারা ২১ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি করতে চেয়েছিল: শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বোমা হামলাকারিদের প্রতি ইঙ্গিত করে অভিযোগ করেছেন, ১৭ আগস্ট তারা ২১ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি করতে চেয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 06:02 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

সরকারের মদদ ও প্রশ্রয়ে জঙ্গিরা দেশব্যাপী একযোগে বোমা হামলা করেছে। সরকারের মদদ ছাড়া এ ধরনের বোমা হামলা হতে পারে না।

তিনি সোমবার সকালে তার ধানমণ্ডির সুধাসদনের বাসায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে একথা বলেন।

২১ আগস্টের ঘটনার বর্ষপূর্তি উপলক্ষ্যে এ সাক্ষাৎকারের আয়োজন করা হয়। এতে নিহত ২৪ জনের মধ্যে ১৩ জনের পরিবারের সদস্যরা যোগ দেন।

যাদের পরিবারের সদস্যরা এসেছিলেন, তারা হলেন-মামুন মৃধা, মোস্তাক আহমেদ সেন্টু, রেজিয়া বেগম, বেলাল হোসেন, শামসুদ্দিন আহমেদ, রতন সিকদার, সুফিয়া বেগম, নাসিরউদ্দিন সর্দার, হাসিনা মমতাজ রীনা, আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস পাটোয়ারি ও রফিকুল ইসলাম ওরফে আদা চাচা।

সকাল ১১টায় এসব পরিবারের সদস্যরা পৌঁছলে তাদের কান্না ও আর্তনাদে শেখ হাসিনার বাসভবনে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শেখ হাসিনাকে দেখেই এসব শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। আওয়ামী লীগ নেত্রীও এসময় অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি শহীদ পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন এবং সান্ত্বনা দেন।

তিনি শহীদ পরিবারগুলোর বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

শেখ হাসিনা শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ সরকার খুনি ও সন্ত্রাসের লালনকারি। খুনি ও সন্ত্রাসের লালন করাই এ সরকারের চরিত্র। তাদের সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়েই আমরা সন্ত্রাসের শিকার হয়েছি। শুধু একটি বা দুটি নয়, প্রতিদিনই তারা পরিকল্পিতভাবে মানুষ হত্যা করছে। চারদিকে হাহাকার আর কান্নার রোল বইছে। কিন্তু সরকার সন্ত্রাসীদের কাউকে গ্রেফতার করতে পারছে না।

তিনি বলেন, ২১ আগস্টের এক বছর পেরিয়ে গেলেও ঘাতকদের কোনো বিচার হয়নি, একজনকেও সরকার গ্রেফতার করতে পারেনি। বরং সরকারের সংশ্লিষ্টদের মদদে একজন বোমাবাজ পুলিশ ইতালিতে পালিয়ে গেছে। ঘটনাস্থলে কর্মরত ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাদের পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জেনারেল জিয়া বাংলাদেশের রাজনীতিতে খুনি, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত ও পুরস্কৃত করে গেছেন। আর তার স্ত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের হাতে লাখো মানুষের রক্তাত লাল সবুজ পতাকা তুলে দিয়েছেন। তাদের আশ্রয় ও প্রশ্রয়ে জঙ্গি ঘাতকরা একের পর এক মানুষ হত্যা করে চলেছে।

তিনি বলেন, সরকারের ক্ষমতার অপব্যবহার ও লোভ দেশকে ছাড়খাড় করে দিচ্ছে। আর তারা মানুষের লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতার মসনদে টিকে থাকতে চায়। নিজেরা অপকর্ম করে তার দায় অন্যের ঘাড়ে চাপাতে চায়। তারা প্রতিটি ঘটনাকেই ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। তারা ২১ আগস্টের ঘটনার আলামত নষ্ট করে ফেলেছে।

তিনি ২১ আগস্ট ও ১৭ আগস্টের ঘটনার বিচার ও আন্তর্জাতিক তদন্ত দাবি করে বলেন, সরকার নিজেই এসব ঘটনার সাথে জড়িত। তাই তারা সুষ্ঠু তদন্ত করতে বা বিচার করতে চায়না। তাদের ক্ষমতাচ্যুত করে দেশপ্রেমিক ও স্বাধীনতার পক্ষের সরকার প্রতিষ্ঠা করে এসব ঘটনার বিচারের ব্যবস্থা করতে হবে। তিনি এজন্যে চলমান আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা মমতাজ হোসেন উপস্থিত ছিলেন।