২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে হরকাতুল জেহাদ ও জামা’আতুল মুজাহিদীন জঙ্গি হিসেবে সহস্রাধিক তরুণ ‘রিক্রুট’ করেছে

দেশে হরকাতুল জেহাদ ও জামা’আতুল মুজাহিদীন জঙ্গি হিসেবে সহস্রাধিক তরুণ রিক্রুট করেছে। তাদের কার্যক্রম অনেক বছর ধরে চলছে। গায়েন্দা কর্মকর্তারা একথা জানান।

আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

তারা বলেছেন, অতীতে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে তাদের জঙ্গী কার্যক্রম পরিচালিত হলেও এই প্রথমবার তারা এতো ব্যাপকভাবে তাদের অস্তিত্ব ঘোষণা করলো।

নব্বই দশকে এর নেতৃত্বে মাওলানা আবদুর রহমান ফারুকী, মাওলানা হাবীবুর রহমান, মুফতি মোহাম্মদ শফিকুর রহমান ভৈরবী, বগুড়ার মৌলভী আইনুল হক, ফরিদপুরের মুফতি খবিরুল ইসলাম, চাঁদপুরের হাফেজ সানাউল্লাহ এবং গোপালগঞ্জের মুফতি হান্নান থাকলেও বর্তমানে মাওলানা শায়খ আবদুর রহমান এবং ড. গালিব এর নেতৃত্ব দিচ্ছেন বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান।

সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জেহাদ এবং জামা’আতুল মুজাহিদীনের শত শত তরুণ আফগানিস্তানে গিয়ে সোভিয়েত বিরোধী যুদ্ধে এবং সর্বশেষ মার্কিন আগ্রাসনের সময়ও সেদেশে জেহাদের ডাকে যুদ্ধ করেছে। শহীদ হয়েছে অনেক বাংলাদেশী তরুণ।

১৯৮৮ সালের দিকে হরকাতুল জেহাদের রিক্রুট করা এসব বাংলাদেশী তরুণ জেহাদের দীক্ষায় প্রথমবারের মতো আফগান রণাঙ্গণে যায়। তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয় দেশের বিভিন্ন মাদ্রাসায় হাজার হাজার তরুণ। যাদের অনেকেই এখন জামা’আতুল মুজাহিদীন ও অন্যান্য সংগঠনের হয়ে কাজ করছে।

জেহাদের দীক্ষায় আফগান যুদ্ধে বাংলাদেশী তরুণদের মধ্যে প্রথম শহীদ হন হাফেজ রহমতউল্লাহ। তিনি খেলাফত আন্দোলনের প্রধান আহমদুল্লাহ আশরাফ এর ছেলে। এবং হাফেজ্জী হুজুরের নাতি। ১৯৮৮ সালের ১০ আগস্ট তার মৃতদেহ আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশে আনা হয়।

গত দুই যুগে আফগান যুদ্ধে নিহত শতাধিক বাংলাদেশী তরুণদের মধ্যে একমাত্র হাফেজ রহমতুল্লাহর লাশই বাংলাদেশে আনা হয়েছিল বলে তার পিতা বিডিনিউজকে জানান।

১৯৮৮ সালের আগস্টে হরকাতুল জেহাদের একজন মুজাহিদ হিসেবে প্রথমবারের মতো আফগান রণাঙ্গণে যুদ্ধ করতে যান ১৮ বছরের যুবক রহমতুল্লাহ। একই বছরের ২৯ জুলাই জামাহ খোলার যুদ্ধে শত্রুদের মাইন বিছানো পথ অতিক্রম করার সময় বিস্ফোরণে তিনি ‘শহীদ’ হন।

হাফেজ রহমতুল্লাহর মতোই হরকাতুল জেহাদের ‘রিক্রুট’ হয়ে ময়মনসিংহের মাওলানা আবদুল হামিদ, নড়াইলের মাওলানা কামরুজ্জামান, যশোরের নুরুল করীম এবং হাতিয়ার ফয়জুল্লাহও আফগানিস্তানের যুদ্ধে যান। যুদ্ধে নিহত হন ঢাকার এক শ্রদ্ধেয় পীরের পুত্র।

আহমদুল্লাহ জানান, আফগানিস্তানের জামাহ খোলা পোস্ট (উরগুন) আক্রমণের প্রস্তুতিপর্বে শত্রুপক্ষের পেতে রাখা মাইন বিস্ফোরণে ‘শাহাদাত বরণ’ করেন মওলানা আবদুল হামিদ। তিনি হরকাতুল জেহাদের সদস্যপদ গ্রহণ করেন ১৯৮৬ সালে।

মওলানা মো. কামরুজ্জামান হরকাতুল জেহাদের মুজাহিদ বাহিনীতে যোগ দিয়ে ১৯৮৫ সালের ২৫ জুন শারনাহ রণাঙ্গনে হরকাতুল জেহাদের প্রতিষ্ঠাতা আমীর মওলানা এরশাদ আহমদের সঙ্গে নিহত হন।

ময়মনসিংহের গফরগাঁও’র সেওলী গ্রামের মওলানা আব্দুল মোমেন ১৯৮৯ সালের ১৪ জুন খোস্তের যুদ্ধে মাইন বিস্ফোরণে তিনি নিহত হন।

খেলাফত আন্দোলনের প্রধান আহমদুল্লাহ আশরাফ অবশ্য বলেন, হরকাতুল জেহাদ বা অন্য কোনো জঙ্গী সংগঠনের সঙ্গে তাদের এখন আর যোগাযোগ নেই।

খোঁজ নিয়ে জানা যায়, আফগান যুদ্ধে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে ১২৭ জন। এদের মধ্যে ১৯৯৯ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭৬ কেজি বোমা পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি এবং হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানও আফগান যুদ্ধে আহত হয়েছিলেন বলে একটি সূত্র দাবি করে।

করাচীর ইসলামী বিদ্যাপীঠ জামেয়াতুল উলুমিল ইসলামিয়্যাহ আল্লামা ইউসুফ বিননূরী মাদ্রাসা, লাহোরের প্রাচীন ইসলামী বিদ্যাপীঠ জামেয়া আশরাফিয়া মাদ্রাসা ও জামেয়া ফারুক্কিয়ায় মূলত বাংলাদেশে থেকে পড়তে যাওয়া শত শত তরুণ জেহাদের ডাকে জড়িয়ে যোগ দিচ্ছে হরকাতুল জেহাদ এবং জামা’আতুল মোজাহিদীনে।