হরতাল সফল করায় দেশবাসীকে শেখ হাসিনার কৃতজ্ঞতা
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল সফল করায় দেশবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
দেশব্যাপী বুধবারের বোমা হামলার প্রতিবাদ এবং দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে শনিবার এ হরতাল পালিত হয়।
শনিবার এক বিবৃতিতে শেখ হাসিনা শান্তিপূর্ণ হরতাল চলাকালে রাজনৈতিক নেতা কর্মীদের ওপর অমানবিক নিপীড়ণ নির্যাতন ও বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি অবিলম্বে গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
শেখ হাসিনা ১৭ আগষ্টের বোমা হামলার ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বানিজ্যমন্ত্রী ও ধর্মপ্রতিমন্ত্রীর বক্তব্য তুলে ধরে বলেন, তাদের কাছে যদি বোমার তথ্য আগেই ছিল তাহলে কেন কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হলো না।
শেখ হাসিনা বলেন, বোমা হামলার সঙ্গে প্রকৃত ইসলাম ও ধর্মভীরু মুসলমানদের কোন সম্পর্ক ও সমর্থন নেই। তবে সরকারের ছত্রছায়া ও প্রত্যক্ষ মদদে জামাতের তত্ত্বাবধানে জঙ্গী সংগঠনগুলোর মাধ্যমে দেশব্যাপী বোমা হামলা হয়েছে।
তিনি বলেন, আগামী নির্বাচন বানচাল ও গণতন্ত্র নস্যাৎ করার জন্য সরকারের মদদে একযোগে সারা দেশে এমন বোমা হামলা চালানো হয়েছে।
তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে অবাধ-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং চলমান গণ আন্দোলনকে আরও বেগবান করে সরকারকে বিতাড়ন করতে হবে।
