২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

আওয়ামী লীগসহ ১৪ দল ও সিপিবির ডাকে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে শনিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

হরতালে ঢাকাসহ বিভিন্ন জেলায় পুলিশের সঙ্গে হরতালকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। আটক করা হয় বেশ কয়েকজন নেতাকর্মীকে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, রাজধানীর স্কুল, কলেজ ও শপিং মলগুলো হরতালে বন্ধ থাকে। আন্ত:জেলা বাস চলাচল করেনি। নগরীর রাস্তায় অল্প সংখ্যক মিনিবাস ও উল্লেখযোগ্য সংখ্যক রিক্সা চলাচল করে।

পুলিশি বাধা উপেক্ষা করে সকাল থেকেই আওয়ামী লীগ ও হরতাল সমর্থক দলগুলো ঢাকাসহ বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করেছে। আওয়ামী লীগ বঙ্গবন্ধ এভিনিউ ও রাসেল স্কোয়ারসহ বিভিন্ন স্পটে মিছিল সমাবেশ করেছে।

১১টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কে যুব মহিলা লীগের নেত্রীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ মিছিলে বাধা দেয়। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে কয়েকজন নেত্রী আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচ জন মহিলা কর্মীকে আটক করে।

পরে ধানমন্ডি ৯ নম্বর সড়কের বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মহিলা আওয়ামী লীগ একটি মিছিল বের করলে পুলিশ এতে লাঠিচার্জ করে। সেখান থেকে ১১ জন মহিলা নেতাকর্মীকে আটক করা হয়।

সকালে পল্লবী থানা আওয়ামী লীগ পূরবী সিনেমা হলের সামনে থেকে একটি মিছিল বের করলে পুলিশ মিছিলকারিদের লাঠিচার্জ করে। এতে ১০/১২ জন নেতাকর্মী আহত হয়। পুলিশ ২২ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।

হরতালের সমর্থনে ১৪ দল পল্টনের মুক্তাঙ্গন থেকে মিছিল বের করে। মিছিলকারিরা কড়া পুলিশ পাহারায় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে মুক্তাঙ্গনে মিছিল শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বিডিনিউজের প্রতিনিধিরা জানান, চুয়াডাঙ্গার দর্শনায় যুবদলের কর্মীরা রড, রাম দা ও লাঠিশোটা নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। তারা জাহাঙ্গীর নামে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করে। এ সময় আরো দুজন নেতা লাঞ্ছিত হন।

হরতালে নারায়নগঞ্জে পুলিশ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। তারা আটক করে অন্ততঃ পাঁচজনকে। দফায় দফায় হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

বরিশালের মুলাদী বন্দরে হরতালের সমর্থনে মিছিল বের হলে ছাত্রদল নেতা কর্মীরা হামলা চালায়। এতে ১২ জন নেতা কর্মী আহত হয়। দুজন নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পিরোজপুরে আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১টায় মিছিল বের হলে পুলিশ মিছিলে লাঠি চার্জ করে। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থ্ন থেকে পুলিশ দলের ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করে।

নীলফামারীতে পুলিশ হারতাল আহ্বানকারীদের রাস্তায় নামতে দেয়নি। সকালে ১৪ দল নেতৃবৃন্দ শহরে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। দুপুরের পর নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিস থেকে বের হয়ে আবারও মিছিল করার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে।

কক্সবাজারে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মিছিলে পুলিশ হামলা চালায়। এতে অন্তত ছয়জন আইনজীবী আহত হন। পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যাওয়া আইনজীবীরা পরে জেলা আইনজীবী সমিতি ভবনে সমাবেশ করেন। সকালে পুলিশ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুব মহিলা লীগের মিছিলে বাধা দেয়। পুলিশ মিছিল করার চেষ্টা করায় দুই যুব মহিলা লীগ নেত্রী ও এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে।

রংপুরে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল ও সমাবেশ হয়। ছাত্রলীগের দুই গ্রুপ প্রেসক্লাব এলাকায় মুখোমুখি হলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা করে ঘটে।

ময়মনসিংহে হরতাল চলাকালে পুলিশ বিভিন্ন স্থান থেকে সাতজনকে গ্রেফতার করে। পরে এদের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।

পঞ্চগড়ে হরতালের সকালে আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিকী গণঅনশন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।