২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী রাজনীতিকদের প্রতিক্রিয়া : জোটকে হটিয়ে গণতান্ত্রিক সরকার গঠন করে ২১ আগষ্ট সহ সকল হত্যার বিচার করা হবে, আইনমন্ত্রী বললেন কিছুই বলার নেই

গত বছরের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠিত গ্রেনেড হামলা ও গণহত্যার রহস্য এক বছরেও উদঘাটিত এবং প্রকৃত অপরাধীদের বিচার না হওয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 05:43 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

শনিবার বিডিনিউজকে দেওয়া পৃথক সাক্ষাতকার ও প্রতিক্রিয়ায় তারা এ ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারি বিএনপি জামাত জোটকে অপসারণ করে জনগণ এর সমুচিত জবাব দেবে। মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার গঠন করে ২১ আগষ্টসহ সকল হত্যার বিচার করা হবে।

নেতৃবৃন্দ ২১ আগষ্টের গণহত্যার সঙ্গে জোট সরকার সরাসরি জড়িত-এ অভিযোগ করে ওই ঘটনাকে রাষ্ট্র বিরোধী রাজনৈতিক ষড়যন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা লালনকারি গণতান্ত্রিক শীর্ষ নেতা নেত্রীদের শারীরিকভাবে নিশ্চিহ্ন করার মহা পরিকল্পনা বলে উল্লেখ করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সাক্ষাতকারে বলেন, বিএনপি জামাত জোট মুক্তিযুদ্ধের চেতনা ও দেশকে ধ্বংস করতে চায়। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়কেই মেনে নিতে পারে নি।

তিনি বলেন, বাংলাদেশের প্রগতি ও অগ্রগতির শত্রুরা দেশকে নেতৃত্ব শূন্য করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও প্রথম সারির নেতৃবৃন্দকে হত্যার জন্য ২১ আগষ্টের গ্রেনেড হামলা চালিয়েছিলো।

আব্দুল জলিল বলেন, শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে পতাকা এগিয়ে নিয়ে চলেছেন। তিনি না থাকলে এ পতাকা এগিয়ে নেওয়ার আর কেউ থাকবে না। এই দুরভিসন্ধিতেই স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি গ্রেনেড হামলা চালিয়েছিলো।

তিনি বলেন, সরকার সরাসরি এই নারকীয় গণহত্যার সঙ্গে জড়িত বলে তারা এক বছরেও অপরাধীদের গ্রেফতার ও বিচার করেনি। উল্টো গত ১৭ আগষ্ট সারাদেশে ত্রাস ও জনগণকে সন্ত্রস্ত করতে আবারও ধারাবাহিক বোমা হামলা চালিয়েছে।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামাত জোট জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিক্ষুব্ধ দেশবাসি এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, জনগণের চেয়ে বড় শক্তি আর নেই। সেই শক্তি আবারো সংগঠিত হচ্ছে। ১৪ দলের নেতৃত্বে জনতার এই সম্মিলিত শক্তি ব্যর্থ ও খুনি সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার গঠন করে অবশ্যই ২১ আগষ্টসহ সকল হত্যাকাণ্ড ও জোট দু:শাসনের বিচার করবে।

ওয়ার্কার্স পাটি সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস ২১ আগষ্টের বর্বর হত্যাযজ্ঞ ও আওয়ামী লীগ সভানেত্রীকে হত্যা চেষ্টার জন্য সরকারকে দায়ি করেছেন।

তারা বলেন, গত এক বছরেও জড়িতদের খুঁজে বের না করা এবং সার্বিক ঘটনাক্রম সরকারের সংশ্লিষ্টতার কথাই প্রমাণ করে। বিরোধী দলীয় নেতার জীবননাশের এই প্রচেষ্টার ক্ষেত্রে সামান্যতম ব্যবস্থা না নিয়ে জোট সরকার কার্যত এর দায় স্বীকার করে নিয়েছে। আর এ ধরণের ঘটনার তদন্ত ও জড়িতদের বিচার না করায় পরবর্তীতে সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া, আহসান উল্লাহ্ মাষ্টার এমপি হত্যা এবং দেশব্যাপী একযোগে বোমা হামলাসহ বিভিন্ন মাজার, ওরশ ও রাজনৈতিক সমাবেশে গ্রেনেড ও বোমা হামলা অব্যাহত রয়েছে।

ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ২১ আগষ্ট ও সাম্প্রতিক ১৭ আগষ্টের ঘটনাবলী স্মরণ করে জোট সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা ঐক্যবদ্ধ আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য দেশবাসির প্রতি আহ্বান জানানো হয়।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু শনিবার বিডিনিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার শীর্ষ নেতাদের শারীরিকভাবে নিশ্চিহ্ন করার মহা পরিকল্পনার অংশ হিসেবেই ২১ আগষ্টের গ্রেনেড হামলা চালানো হয়েছিলো।

তিনি বলেন, গত এক বছরে সরকার ও প্রশাসনের কর্মকাণ্ড ও আচরণ এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ড ও বোমা গ্রেনেড হামলা প্রমাণ করে যে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি যেন সরকার গঠন করতে না পারে সেজন্য সুপরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছিল।

ইনু বলেন, ২১ আগষ্টের নারকীয় গণহত্যার কোনো কুল কিনারা করতে না পারাটা হচ্ছে সরকারের হত্যাকারিদের আড়াল করার অপচেষ্টা মাত্র।

ওই দিন বঙ্গবন্ধু এভিনিউতে দায়িত্বরত সকল পুলিশ কর্মকর্তার তালিকা তৈরি করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে জাসদ সভাপতি বলেন, সবাইকে জিজ্ঞাসাবাদ ও ক্যামেরার ছবি বিশ্লেষন করলেই হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটিত হবে।

বাংলাদেশের কমিউনিষ্ট পাটি’র (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ২১ আগষ্টসহ সকল গ্রেনেড ও বোমা হামলার সুষ্ঠু তদন্ত ও দায়িদের বিচার দাবি করেন। বিডিনিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, এসকল নারকীয় ঘটনা শুধু বিভৎস হত্যাকাণ্ডই নয়, রাষ্ট্রবিরোধী রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, এমনভাবে ফাঁদ পাতা হয়েছে, বড় দলগুলো এমন আচরণ করে যাতে অশুভ শক্তি আড়ালে থেকে যায়।

স্বঘোষিত বোমাবাজ ও আসল অপরাধীদের চিহ্নিত করে বিচার করার এখনই সময় বলে উল্লেখ করেন তিনি।

২১ আগষ্টের গ্রেনেড হামলা ও এর বিচার কার্যক্রম বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ শনিবার বিডিনিউজকে বলেন, এ ব্যাপারে আমার কিছুই বলার নেই। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার।

ব্যক্তিগত মতামত জানতে চাইলেও অনুরূপ উত্তর দিয়ে তিনি বলেন, আমার ব্যক্তিগত কোনো মতামতও নেই। ওই ব্যাপারে আমি কিছুই বলবো না।