২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার বিষয়ে সরকারের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বোমা হামলার বিষয়ে সরকারের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, তার দল কোনো বোমা হামলাকারি এবং খুনি যাদের হাতে দেশের নিরাপত্তা হুমকির সম্মুখিন তাদের সাথে বসতে পারে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

শেখ হাসিনা তার সুধা সদন বাসভবনে শুক্রবার বিকেলে বিডিনিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে বলেন, কার সাথে আলোচনা করবো? দেশব্যাপি একযোগে বোমা হামলাকারি খুনি সরকারের সাথে? খুনি সরকারের ইজ্জত রক্ষায় তাদের সাথে আলোচনায় বসবো?

আওয়ামী লীগ সভানেত্রী ১৭ আগস্টের দেশ কাঁপানো বোমা হামলার জন্য সরকারকে দায়ী করে বলেন, আগামী নির্বাচনে যেনো তার দল ক্ষমতায় আসতে না পারে, সেজন্য বিএনপি জামাত জোট সরকার বোমা হামলাকে কেন্দ্র করে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করছে।

সাবেক প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, র‌্যাব প্রশিক্ষণ স্কুলে কি করে তাজা বোমা পাওয়া যায়? সরকার যদি এই হামলার সাথে জড়িত না থাকে, তবে গোয়েন্দারা এ ব্যাপারে কিছুই জানে না, এটা হতে পারে না। তারা কি গভীর ঘুমে মগ্ন ছিল?

শেখ হাসিনা বলেন, সর্বশেষ বোমা হামলাই প্রমাণ করেছে খালেদা জিয়ার হাতে দেশের নিরাপত্তা হুমকির মুখে। খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রীই নন, তিনি স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন। তাকেই এর দায়িত্ব বহন করতে হবে।

তিনি বলেন, এত বড় ঘটনার পরও মন্ত্রীরা ফুরফুরে মেজাজে রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র সচিব বলেছেন, প্রধানমন্ত্রীর চীন সফর সংক্ষিপ্ত করার কোনো কারণ নেই। কিন্তু যখনই বিষয়টি আমি সংবাদ সম্মেলনে তুলেছি, তখনই তার সফর সংক্ষিপ্ত হয়ে গেছে এবং তিনি আগেই ফিরে আসছেন।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের ফুরফুরে মেজাজই প্রমাণ করে, তারা সবকিছুই জানেন। তারাই এ হামলার নীল নকশা তৈরী করেছেন এবং গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে এ কাজে ব্যবহার করেছেন।

শেখ হাসিনা বলেন, সুপরিকল্পিতভাবে একযোগে প্রায় সকল জেলারই ৫০০ পয়েন্টে হামলার ঘটনা সরকার ও প্রশাসন যন্ত্রের সম্পৃক্ততা ছাড়া সম্ভব নয়।

বোমা হামলার কারণ হিসেবে বিরোধী দলের নেতা বলেন, আমাকে দায়ী করে তাদের ব্যানার তৈরী করাই ছিল। ঘটনার সাথে সাথেই বিএনপি নেতারা আমাকে জড়িয়ে ব্যানার নিয়ে মিছিল করেছে। এতে আমাকেই দায়ী করা হয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের অফিস হাওয়া ভবনের প্রতি ইঙ্গিত করে বিরোধী দলের নেতা বলেন, আমাদের কাছে খবর আছে, ওই ভবন থেকে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরণের হামলার নীল নকশা তৈরী করা হচ্ছে।

হামলার অপর কারণ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বলেন, জামায়াত বিরোধী শক্তিগুলোকে তাদের নিয়ন্ত্রণে রাখতেই এ ঘটনা ঘটানো হয়েছে। যারা কিছুদিন ধরে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

তিনি বলেন, এ সরকার শুধু টাকা আর ক্ষমতা চেনে। ক্ষমতায় আসার জন্য তারা জনগণের জীবনেরও কোনো তোয়াক্কা করে না। কোটি কোটি টাকা লুটপাট ও দুর্নীতির কারণে তারা আগামী নির্বাচনে আর ক্ষমতায় আসতে পারবে না। তাই আওয়ামী লীগ যেনো ক্ষমতায় আসতে না পারে, তারা সেই চেষ্টা করছে।