বোমা বিস্ফোরণের জন্যে আওয়ামী লীগকে দায়ী করেছেন মুফতি আমিনী
ক্ষমতাসীন চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন সংস্থার আমীর মুফতি ফজলুল হক আমিনী বুধবারের বোমা হামলার জন্যে আওয়ামী লীগ এবং দেশের সকল ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তিকে দায়ী করেছেন।
কিছু গণমাধ্যম ইসলামী আন্দোলনকে বানচাল করতে ধর্মনিরপেক্ষ শক্তিকে সহায়তা করছে এবং অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করছে বলেও মুফতি আমিনী অভিযোগ করেন।
শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ঢাকা মহানগর শাখা আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। ঢাকা মহানগর শাখার আমীর মওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন মওলানা আবদুল লতিফ নিজামী, মওলানা শরফুদ্দিন আহমদ জুনায়েদ, মুফতি মোহাম্মদ তায়েব প্রমুখ।
মুফতি আমিনী আরও বলেন, ইসলামী আন্দোলনকে বানচাল করতে আওয়ামী লীগ ও তার দোসররা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন সারাদেশে এতবড় অপারেশন করার মতো শক্তিশালী সংগঠন নয়। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পক্ষেই একমাত্র এ কাজ করা সম্ভব।
