২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকা ত্যাগে বাধ্য হলেন বাংলাদেশী সাবেক সেনা কর্মকর্তা

দীর্ঘ নয় বছর আমেরিকায় আইনী লড়াইয়ের পর হেরে গেলেন সাবেক এক বাংলাদেশী সেনা কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহাম্মদউল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

লস এঞ্জেলসের একটি আদালত তাকে দেশ ত্যাগের নির্দেশে দেয়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি বাংলাদেশে সেনাবাহিনীতে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে চরম মানবাধিকার লংঘন করেন। শুনানিকালে আদালতে তিনি এ অভিযোগ স্বীকার করার পর মার্কিন অভিবাসন দপ্তর আদালতের ওই নির্দেশ ঘোষণা করে।

লস এঞ্জেলসে একটি রেস্টুরেন্টের মালিক সাজ্জাদ আহমেদ বিপু (৩৫) ১৯৯৬ সালে আমেরিকায় যান এবং অভিবাসী হওয়ার জন্যে আইনী প্রক্রিয়া শুরু করেন। এ পর্যায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে থাকাকালীন নির্বাচনে তার পছন্দের একজন প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। তিনি ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে এবং নির্যাতন করে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করেন বলেও অভিযোগ ওঠে। মার্কিন অভিবাসন দপ্তর বুধবার এ তথ্য জানায়।

১৯৯৯ সালে বিচারক তার আদেশে বলেন, বিপু মানবাধিকার লংঘনের সাথে জড়িত। ফলে সে আমেরিকায় থাকার যোগ্য নয়। বিচারক তাকে সে দেশ ত্যাগ করতেও নির্দেশ দেয়।

আদালতের এ আদেশ চ্যালেঞ্জ করে বিপু উচ্চ আদালতে একটি রীট মামলা দায়ের করেন।

জোরপূর্বক দেশত্যাগের মতো ঘটনা যাতে না ঘটে, সেজন্যে শেষ পর্যন্ত বিপু স্বেচ্ছায়ই সে দেশ ত্যাগ করে এশিয়ার উদ্দেশে রওনা হয়েছে। তবে তার সুদির্দিষ্ট গন্তব্য সম্পর্কে জানা যায়নি।

এ প্রসঙ্গে লসএঞ্জেলস ইমিগ্রেশনের প্রধান উপদেষ্টা জন শলটার বলেন, যারা মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করে, আমরা তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দিতে চাই না। আমরা চাই না, া এ দেশটা সেসব অপরাধীর স্বর্গে পরিণত হোক।