জনগণের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থ : সুশীল সমাজের প্রতিক্রিয়া
দেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের কড়া সমালোচনা করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, বুধবারে দেশগুড়ে এক যোগে বোমা হামলার ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে।
প্রতিক্রিয়ায় তাদের একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে এ ব্যর্থতার দায়ে অপসারনের দাবি জানিয়েছেন।
অর্থনীতিবিদ মুজাফ্ফর আহমেদ বিডিনিউজকে বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ করা উচিত নয়তো তাকে দায়িত্ব থেকে অপসারণ করা উচিত।
পূর্ববর্তী ঘটনাগুলোতে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, বোমা হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে তার ওপর নির্ভর করবে দেশের ভাবমূর্তি।
অধ্যাপক আহমেদ বলেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজ আমার নিজের নিরাপত্তা হুমকির মুখে।
অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বিডিনিউজকে বলেন, সরকার ও প্রশাসন যন্ত্র জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোটাই ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, বোমা হামলায় জড়িতদের অবশ্যই চিহ্নিত করে বিচার করতে হবে। অন্যথায় দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটবে।
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ব্যাপারে সরকারকে আরো একবার ভেবে দেখতে হবে।
বামপন্থী চিন্তাবিদ বদরুদ্দিন ওমর বলেন, এ হামলার সাথে ইসলামিক দল জড়িত ছিলো বলে তিনি মনে করেন না। তার মতে পরিকল্পিতভাবে হামলাটি চালিয়ে ইসলামী দলের ওপর তার দায়িত্ব চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যে এ হামলা চালানো হয়েছে।
বিশ্বের অন্যত্র এ ধরনের হামলার ঘটনাগুলো তুলে ধরে তিনি বলেন, ্ওইসব হামলা ইসলামী স্বার্থ হাসিলের জন্য চালানো হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি সেরকম নয়।
ওমর বলেন, যেসকল শক্তি রাষ্ট্র ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চায় তারাই পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
