বোমা হামলার আন্তর্জাতিক তদন্ত ও সরকারের পদত্যাগ দাবি করেছেন শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে বোমা হামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ আন্তর্জাতিক তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারের পদত্যাগ দাবি করেছেন।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
শেখ হাসিনা তার ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বোমা হামলার জন্যে সরাসরি সরকারকে দায়ী করে বলেন, জোট সরকার এবং সাম্প্রদায়িক ইসলামী জঙ্গী সন্ত্রাসী গোষ্ঠী দেশব্যাপী একটা বড় ধরনের হামলার প্রস্তুতি হিসেবেই বুধবার এ হামলা চালিয়েছে। এ সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা বিচলিত বা আতংকিত না হয়ে শান্ত থেকে ধৈর্য্য ও সাহসের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবেলা করুন। আপনারা জেগে উঠুন, সন্ত্রাসী জোটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এ দেশকে রক্ষা করতে হবে।
শেখ হাসিনা বলেন, জোট সরকার ও জঙ্গী সন্ত্রাসীরা দেশে আইনের শাসন ও গণতন্ত্র নস্যাৎ করতে উদ্যত হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা এভাবে নষ্ট হতে দেবো না।
বিরোধী দলীয় নেতা বলেন, জাতীয় নিরাপত্তা আজ হুমকির সম্মুখীন। অথচ লক্ষ্য করছি, এ নিয়ে সরকারের কোনো উদ্বেগ ও উৎকণ্ঠা নেই। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে আমি সফর সংক্ষিপ্ত করে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় চলে আসি। কিন্তু এতো বড় জাতীয় বিপর্যয়ের পরও প্রধানমন্ত্রী তার চীন সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফেরার তাগিদ বোধ করেননি। এর রহস্য কী, তা দেশবাসীকে ভাবতে হবে।
আওয়ামী লীগ প্রধান সংশ্লিষ্ট মন্ত্রী ও সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকার সমালোচনা করে বলেন, এ ঘটনায় বিশ্বে বাংলাদেশের যে লজ্জাজনক ভাবমূর্তি উপস্থাপিত হয়েছে, তাতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল প্রতিটি মানুষ হতভম্ভ হয়েছে। লজ্জিত হয়েছে। লজ্জা পায়নি শুধু এ সরকার। জোট মন্ত্রীরা ঘটনার পর হায়েনার হাসি হেসেছে।
শেখ হাসিনা বলেন, জোট সরকার দেশকে মধ্যযুগীয় কুপমুণ্ডুকতার দিকে নিয়ে যাচ্ছে। দেশকে নেতৃত্বশূন্য করার একটি নীল নকশা বাস্তবায়ন করছে।
তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে জামাত ও জঙ্গি সন্ত্রাসীরা তৎপর রয়েছে। একই সঙ্গে প্রায় ৫শ’ স্থানে বোমা হামলা করে সন্ত্রাসী জঙ্গি বাহিনী বাংলাদেশের সকল জেলায় তাদের শক্তির যে প্রকাশ ঘটিয়েছে, তাতে স্বভাবতই প্রশ্ন ওঠে, বাংলাদেশ কি তাহলে জঙ্গিদের হাতে জিম্মি? দেশের মানুষের তাহলে ভবিষ্যত কী? এ সরকার দেশকে কোথায় নিয়ে যাচ্ছে?
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বোমা হামলার ঘটনার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম ধর্মের নাম ভাঙ্গিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করে ইসলাম ধর্মের বদনাম করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, জোট সরকারের হাতে মানুষের জানমালের নিরাপত্তা নেই। জনগণের আস্থা হারিয়েছে এ সরকার। সুতরাং এই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাই অবিলম্বে পদত্যাগ করে ১৪ দলের রূপরেখা অনুযায়ী নির্বাচন পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার করে নির্বাচন দিতে হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
