বোমা হামলার সাথে জড়িতদের খুঁজে বের করতে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র
সারাদেশে বুধবার ধারাবাহিক বোমা বিস্ফোরণের পর মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সাথে সংহতি প্রকাশ করে বলেছে, এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করতে বাংলাদেশ সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র শ্যন ম্যাককরম্যাক বলেন, যারা এ ধরণের ঘৃণ্য কাজের সাথে জড়িত, তাদের খুঁজে বের করতে আমরা সব সময়ই বাংলাদেশ সরকার ও জনগণের পাশে আছি।
ম্যাককরম্যাক বলেন, যুক্তরাষ্ট্র এই বোমা হামলায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ কিংবা বাংলাদেশের যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ম্যাককরম্যাক জানান, বাংলাদেশে বোমা হামলায় কোন মার্কিন নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, ঢাকায় মার্কিন দূতাবাসের পাশে একটি বোমা বিস্ফোরিত হয়েছে।
তিনি আরও জানান, দূতাবাসের পক্ষ থেকে সেখানে অবস্থারত মার্কিন নাগরিকদের ভ্রমণ এবং চলাফেরায় সতর্কতা অবলম্বন এবং অযথা ভ্রমণ পরিহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।
