পাবনায় বিএনপি নেতা খুন
পাবনার ঈশ্বরদী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক প্রভাবশালী নেতাকে সশস্ত্র সন্ত্রাসীরা বুধবার রাতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।
বিএনপি নেতা হত্যার খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদীসহ সমগ্র জেলায় দলীয় নেতা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ খবর জানিয়েছে।
নিহত শাহ্ আনিছুর রহমান (৫০) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ছলিমপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক। নিহত বিএনপি নেতা আনিছ ভারইমারী গ্রামের শাহ্ আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহ্ আনিছুর রহমান বুধবার রাত সাড়ে ৯টার দিকে মোটর সাইকেল যোগে দাশুড়িয়া থেকে তার ভারইমারীর বাড়ী ফিরছিল। রাত ১০টার দিকে সে ফছির উদ্দিনের বটতলার কাছে পৌঁছালে ৮/১০ জনের এক দল সন্ত্রাসী রাস্তায় গাছ ফেলে তার পথরোধ করে এবং তাকে উপুর্যপরি কোপায়। রাত পৌনে ১১টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শাহ্ আনিছুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদীসহ সমগ্র জেলায় দলীয় নেতা কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। রাত সাড়ে ১১টার দিকে শত শত মানুষ তাকে দেখতে হাসপাতালে ভিড় জমায় এবং বিক্ষোভে ফেটে পড়ে।
পাবনা জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা এক বিবৃতিতে অবিলম্বে শাহ্ আনিছুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
