২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়া প্রতিরোধ করতেই এ বোমা হামলা: আ. লীগ নেতৃবৃন্দ

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, যারা চায় না স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় যাক তারাই বুধবার সারাদেশে উপর্যুপরি বোমা হামলা চালিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 10:14 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে এ বোমা হামলা চালানো হয়েছে বলে তারা মন্তব্য করেন।

তারা মধ্য আগস্টে নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন তার সাথে সারাদেশের ৬৩ জেলায় সংঘটিত বুধবারের উপর্যুপরি বোমা হামলার সাথে যোগসূত্র রয়েছে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার ব্যাখ্যা দাবি করেছেন।

ঘটনার পর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত তাৎক্ষণিক সমাবেশে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির মহানগর সভাপতি মোহাম্মদ হানিফ।

ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফ বলেন, সারাদেশে একযোগে বোমা হামলার পরিকল্পনা একদিনে হয়নি। এটা দীর্ঘ মেয়াদী ষড়যন্ত্রের অংশ। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতেই এ ষড়যন্ত্র করা হয়েছে।

পুলিশ, বিডিআরসহ র‌্যাব, চিতা, কোবরা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো আগের কোনও বোমা হামলার তথ্য উদঘাটন করতে পারেনি অথবা এ ধরণের ঘটনার আগাম কোনও তথ্য দিতে পারেনি। একের পর এক এ ধরনের ঘটনা ঘটে যাওয়ায় মোহাম্মদ হানিফ দেশে সরকার আছে কিনা সে ব্যাপারে বিস্ময় প্রকাশ করেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় হবে বুঝতে পেরেই খালেদা জিয়া নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে।

তিনিও দেশে নাশকতামূলক ঘটনা ঘটতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর আগাম অনুমান এবং বুধবারের ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কিনা মন্ত্রীর কাছে তা জানতে চান।

মায়া বলেন, এতে কি নির্দেশ করে? স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই তা ব্যাখ্যা করতে হবে। অন্যথায় দেশের জনগণ মনে করবে তিনিই এর সাথে জড়িত।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন এলাকায় বোমা হামলাস্থলে উগ্রবাদীদের লিফলেট ও পুস্তক পাওয়ার পরও সরকার দেশে ধর্মীয় উগ্রবাদীদের কোনও অস্তিত্ব নেই বলে অস্বীকার করছে।

আওয়ামী নেতৃবৃন্দ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সকল ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা দেশে প্রথমবারের মতো নজিরবিহীন এ ঘটনার রহস্য উদঘাটনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা দোষীদের গ্রেফতার ও শাস্তি দেওয়ারও দাবি জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকুল চৌধুরী, ইউসুফ আলী, সাঈদ খোকন, শাহ আলম মুরাদ ও মতিউর রহমান মুক্তি প্রমুখ।

সমাবেশে শেষে আওয়ামী লীগ নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করেন। তবে উভয় প্রান্তে পুলিশি বাধার কারণে মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউর বাইরে বের হতে পারেনি।