শোকের দিনে শেখ হাসিনা একান্তে সারাদিন, ৩২ নম্বরের সিঁড়িতে বসে মোনাজাত
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শোকের দিন ১৫ আগস্ট সোমবার সারাদিন কাটিয়েছেন অনেকটা একান্তে।
জাতীয় শোক দিবসের কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়া তিনি বাকি সময় অতিবাহিত করেন সুধাসদনের বাসভবন ও ধানমণ্ডি ৩২ নম্বরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটিতে (বঙ্গবন্ধু ভবন)। একা একা বাড়ির এ-ঘর ও-ঘর ঘুরে দেখেছেন। বাবা, মা, ভাই ও ভাইয়ের স্ত্রীসহ নিকটাত্মীয়দের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরান তেলাওয়াত ও দোয়া করেছেন।
বঙ্গবন্ধু কন্যা প্রতি বছরের মতো সোমবারেও রোজা ছিলেন। সন্ধ্যায় বঙ্গবন্ধু ভবনে বসে ইফতার করেন।
সকাল থেকেই ধানমণ্ডির বাসভবন সুধাসদনে একান্তে সময় কাটান তিনি। টেলিফোনে কথা বলেন লণ্ডন প্রবাসী একমাত্র বোন শেখ রেহানা এবং আমেরিকা প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে।
এছাড়াও খোঁজ খবর নেন জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের বিষয়েও।
হরতাল শেষে বেলা সোয়া ১২ টায় তিনি যান ধানমণ্ডি ‘৩২ নম্বরে’। বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ঐতিহাসিক সেই বাড়িতে ঢুকে হয়ে পড়েন আবেগাপ্লুত। অশ্রুসিক্ত নয়নে ধীর পদক্ষেপে গিয়ে দাঁড়ান সেই সিঁড়িতে, ৩০ বছর আগে ঘাতকের গুলিতে যেখানে লুটিয়ে পড়েছিলো স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির নিরব নিস্তব্ধ দেহ। যে সিঁড়ির রক্তের দাগ আজও মুছেনি ।
ঐতিহাসিক এ সিঁড়িতে বসে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু জাদুঘরে বসে কাটান প্রায় ২০ মিনিট। পরে যান বনানী গোরস্তানে। যেখানে চির শায়িত স্নেহময়ী মা আর ভাইসহ নিকটাত্মীয়রা। ১৫ আগস্টের শহীদদের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। অশ্রু সংবরণ করতে পারেননি তার সঙ্গে থাকা দলীয় নেতা কর্মীরাও।
বেলা দু’টায় ফিরে আসেন আবার ৩২ নম্বরের বাড়িতে। বিকেলে মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন।
এখানে ইফতার ও মাগরিবের নামাজ আদায় শেষে শেখ হাসিনা ১৫ আগষ্টের শহীদদের শোকাহত পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সান্ত্বনা দেন। এসময় সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের।
রাত ৯ টায় তিনি ফিরে যান সুধাসদনে। সেখানেও সময় কাটে তার একান্তে বসে শোকাবহ স্মৃতি রোমন্থনে।
