২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আহমদীয়া সম্প্রদায়ের এক বাড়িতে বোমা বিস্ফোরণ, আহত ১, গ্রেফতার ২

আখাউড়া খড়মপুর মাজারের বোমা হামলার ধকল কাটিয়ে না উঠতেই আবারো ব্রাহ্মণবাড়িয়ায় বোমা হামলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 09:15 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

মাত্র দু’দিনের ব্যবধানে গতকাল সোমবার ভোরে পৌর এলাকার ভাদুঘরে আহমদিয়া সম্প্রদায়ের ওপর ফের বোমা হামলা হয়েছে।

এ ঘটনায় শক্তিশালী বোমার আঘাতে এক মাহিলার বাম হাতের কব্জি উড়ে গেছে। মুখমন্ডল ও শরীরের অন্যান্য অংশ ঝলসে গেছে। এদিকে বোমা হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’ব্যক্তিকে পুলিশ ভাদুঘর থেকে গ্রেফতার করেছে।

পর্যবেক্ষক মহল বলছে, ২৩ জুন শহরের কান্দিপাড়ার আহমদিয়া পল্ল¬ীতে সংঘটিত বোমা হামলা, খড়মপুর মাজারের বোমা এবং ভাদুঘরের আহমদিয়া পাড়ায় বিস্ফোরিত বোমা দৃশ্যত এক। ওদিকে আহমদিয়া সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আহমদিয়া সম্প্রদায়ের ওপর অতীতে সংঘটিত বোমা হামলায় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হলে ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। বোমা হামলার ঘটনায় জেলা শহর ও আশ পাশের এলাকায় আহমদিয়া সম্প্রদায়ের মাঝে চরম বোমা আতংক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,সোমবার ভোর ৫টা ৫০ মিনিটে ভাদুঘর দোকানদার পাড়ার মৃত রফিকুল ইসলাম চৌধুরীর বাড়িতে বোমা বিস্ফোরণে তার স্ত্রী হোসনে আরা বেগমের (৫৫) বাম হাতের কব্জি উড়ে গেছে। ঝলসে গেছে মুখ ও শরীরের বিভিন্ন অংশ। ফজরের নামাজ আদায়ের প্রাক্কালে ঘর থেকে ১০/১৫ ফুট দূরে বাথ রুমে প্রবেশের সময় দরজার পাশে পড়ে থাকা টর্চলাইট সদৃশ বস্তুটি হাতে নিয়ে দরজা খুলতে গেলেই বিকট শব্দে বোমার বিস্ফোরন ঘটে।

হোসনে আরাকে জেলা সদর হাসপাতালে এনে জরুরী অস্ত্রোপচার করা হয়। অর্থোপেডিক্স কনসাল্টেন্ট সার্জন মঈনউদ্দিন চৌধুরী বলেন, তার শ্রবণইন্দ্রিয়েরও সমস্যা হয়ে থাকতে পারে।

এদিকে বোমা হামলার ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ ভাদুঘর থেকে ওই গ্রামের মৃত দুধ মিয়ার পুত্র হোসেন মিয়া (৩৫) ও কুদ্দুস মিয়ার পুত্র খোকন মিয়াকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে। আহতের পুত্র জসিম উদ্দিন চৌধুরী জানায়, গত রোববার রাত ২টায় ওই দু’ব্যক্তিকে আহমদিয়া পাড়ায় পুলিশ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পাহারারত পুলিশ তাদের জিজ্ঞেস করলে তারা নিজেদের পোল্ট্রি ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয় এবং ভাদুঘর বাজার থেকে এসেছে বলে জানায়। এ সময় পুলিশ তাদের সতর্ক করে দেয়। সোমবার ভোর সাড়ে ৫টায় পুলিশ ওই এলাকা থেকে চলে আসার মাত্র ১৫/২০ মিনিটের মধ্যেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

সূত্র জানায়, গত বছর রমজানের ১৪ তারিখ (২৯ অক্টোবর) শুক্রবার সহস্রাধিক আহমদিয়া বিরোধী মুসল্লী ওই পাড়ায় আহমদিয়াদের মসজিদ ঘরটি দখলের জন্য দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আক্রমন করলে ধৃত হোসেনও রামদা নিয়ে দখলের আন্দোলনের অংশ নিয়েছিল।

ওদিকে গত ২৩ জুন রাতে শহরের কান্দিপাড়ার আহমাদিয়া পল¬ী ও ভাদুঘরের একই পাড়ায় সিরিজ বোমা হামলা হয়েছিল। একই সময় তাদের কান্দিপাড়া মসজিদেও অগ্নিসংযোগ করা হয়েছিল। ওই হামলা কালে কথিত এমবি গ্রুপের নামে হাতে লেখা পোস্টারে হুশিয়ারি করা হয়ছিল যে, আহমদিয়া মতাদর্শ ত্যাগ না করলে ১৫ জুলাইয়ের মধ্যে আবার হামলা করা হবে এবং সব কিছু জ্বালিয়ে দেওয়া হবে। এ আল্টিমেটামের এক মাস অতিবাহিত হওয়ার পর ১৫ আগস্ট আবারও ভাদুঘরের এ বোমা হামলার ঘটনা ঘটল।

২৩ জুন রাতে বোমা হামলার ঘটনায় পৃথক দু’টি মামলা হলেও পুলিশ এই মামলার কুলকিনারা না করতে পেরে সম্প্রতি সিআইডিতে হস্তান্তর করেছে। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত হলে আজকের ঘটনার পুরনাবৃত্তি ঘটতনা বলে অভিজ্ঞ মহলের অভিমত।

এ ঘটনার স্থানীয় আহমদিয়া জামাতের আমির মঞ্জুর হোসেন বলেন, গত ২৩ জুনের বোমা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত হলে, জড়িতদের গ্রেফতার ও বিচারের সম্মুখীন করলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতনা। তিনি আহামদিয়া জামাতকে ধ্বংস করার চক্রান্ত হিসেবে এটিকে পরিকল্পিত বোমা হামলা বলে দাবী করেন।

এদিকে বোমা বিস্ফোরনের পরপরই ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এ,টি,এম তারেক ঘটনাস্থলে যান। উপস্থিত সাংবাদিকদের তিনি এ ব্যাপারে বলেন, ২৩ জুনের ঘটনার পর কন্দিপাড়া ও ভাদুঘরে রাতে নিয়মিত পুলিশ পাহাড়া থাকে। প্রতিদিনের মত গতকালও ভাদুঘরে একটি পুলিশ টিম ছিল। সাড়ে ৫টায় ওরা চলে আসার পর পরই ককটেল (তার ভাষায়) বিস্ফোরণ ঘটে। তিনি বলেন ২৩ জুনের কান্দিপাড়া বোমাহামলা, খড়মপুরের মাজারের বোমা ও আজকের ভাদুঘরের বোমা হামলার ঘটনা একেই চক্রের কাজ এবং বোম গুলো একই ধরণের। গ্রেফতারকৃত দু’ জন এ ঘটনার সাথে জড়িত বলে তিনি মনে করেন। এদিকে জেলা প্রশাসকের সাথে এ ব্যাপারে অনেক চেষ্টার পর মোবাইলে যোগাযোগ করলে তার স্ত্রী মোবাইল ধরে বলেন ডিসি সাহেব অফিসের কাজে ব্যস্ত আছেন।

ভাদুঘরে আরও দু’টি বোমা মাটিতে পোঁতা অবস্থায় পাওয়া যায় যে গুলো বিস্ফোরিত হয়নি। পুলিশ এ গুলো উদ্ধার করে সোমবার দুপুরে সদর থানায় এনে বালতিতে ভিজিয়ে রাখে। বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ মেজর খালেদের নেতৃত্বে এক দল বিস্ফোরক বিশেষজ্ঞ বোমাগুলো পরিক্ষা নিরিক্ষা করে এগুলো ককটেল জাতীয় বোমা এবং এ গুলোতে ডেটানেটর প্রতিস্থাপন করা ছিল বলে মন্তব্য করেন।

এদিকে আহমদিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলার পর দুপুরে জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ভাদুঘর ঘটনার স্থল পরিদর্শন করেন। তারা এ ঘটনাকে উগ্রসম্প্রদায়িক র্ধমান্দ মৌলবাদী গোষ্ঠির কাজ বলে দাবী করেন। এ সময় জেলা ওয়ার্কার্স পাটির সম্পাদক শাহরিয়ার মোঃ ফিরোজ, আবু সাইদ খান, নজরুল ইসলাম, কামরুল ইসলাম চকদার উপস্থিত ছিলেন। তারা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানান।

কেন্দ্রীয় আহমদিয়া জামাতের সম্পাদক এ,কে,এম রেজাউল করিমের নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল বিকেলে ঘটনাস্থলে পৌছেন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ১৯৮৭ সনে আহমদিয়া বিরোধীরা আমাদের মসজিদ দখল করে নিয়েছে। তারা এখন আমাদের বাড়ী ঘর দখল করার ষড়যন্ত্র চালাচ্ছে।