আ.লীগের অর্ধদিবস হরতাল দেশব্যাপী শান্তিপূর্ণভাবে পালিত
আওয়ামী লীগের ডাকা অর্ধ দিবস (৬ টা-১২টা) হরতাল সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের রায় কার্যকরের দাবি ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে ছুটি বাতিলের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।
হরতাল চলাকালে বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় নি।
হরতালে রাজধানীর মার্কেট ও বিপনী বিতানগুলো বন্ধ ছিলো। নগরীর বিভিন্ন রুটে অল্প সংখ্যক বাস মিনিবাস চলাচল করে। তবে হরতাল চলাকালে আন্ত:জেলা বাস চলাচল বন্ধ ছিলো।
আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন হরতালের সমর্থনে ঢাকার বিভিন্ন এলাকায় মিছিল বের করে।
সকাল সাতটায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও হাজী মোহাম্মদ সেলিমের নেতৃত্বে মুক্তাঙ্গন থেকে মিছিল বের করলে জিরো পয়েন্ট এলাকায় পুলিশ পেছন থেকে হামলা করে। পুলিশের ধাওয়ায় মিছিকারীদের অর্ধেক ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ মিছিলের পেছন থেকে আওয়ামী লীগ কর্মীদের টানা হেঁচড়া করে আটকের চেষ্টা করলে দলীয় নেতারা তাদের ছাড়িয়ে নেন।
সকালে ধানমণ্ডি ৩২ নম্বরস্থ রাসেল স্কোয়ার ও কলাবাগান এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের হয়। জাতীয় সংসদ ভবন এলাকা থেকে মোহাম্মদ নাসিম, আব্দুস শহিদ ও মির্জা আজমের নেতৃত্বে আওয়ামী লীগ সাংসদদের একটি মিছিল রাসেল স্কোয়ারে এসে জমায়েত হয়।
এখানে এক সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপি জামাত জোট সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তারা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার গঠন করে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করতে হবে।
এছাড়া, ছাত্রলীগ হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের করে।
