মাদ্রাসার তালা ভেঙ্গে পঞ্চগড়ে জামায়াতের সুধিসমাবেশ, প্রতিবাদে ছাত্র শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ
মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মাদ্রাসার তালা ভেঙ্গে সুধিসমাবেশ করেছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষক-ছাত্রছাত্রী ও অভিভাবকরা শনিবার সকালে ওই এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ঘটনাটি ঘটেছে, গত শুক্রবার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ মাদ্রাসায়।
সমাবেশে জামায়াতের জেলা আমীর মাওলানা আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কালান্দিগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান জানান, সুধিসমাবেশের জন্য জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ আবেদন করেন। কিন্তু বিষয়টি রাজনৈতিক হওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে সুধিসমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এরপরও গত শুক্রবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা মাদ্রাসার ৩টি শ্রেণীকক্ষের তালা ভেঙ্গে সুধিসমাবেশ করে। জামায়াতের শালবাহান ইউনিয়ন আমীর মোবারক হোসেনের সভাপতিত্বে সুধিসমাবেশে জামায়াতের উপজেলা আমীর রুহুল আমিন সরকারসহ জামায়াতের উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে যোগাযোগ করলে জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক বলেন, তালা ভেঙ্গে নয়, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে শ্রেণীকক্ষের তালা খুলে মাদ্রাসায় সুধিসমাবেশ করা হয়েছে।
