‘উন্নয়ন ব্যবস্থাকে জোরদার করতে জেলা পরিষদের বিকল্প নেই’
গ্রামাঞ্চলে উন্নয়ন ব্যবস্থাকে জোরদার করতে জেলা পরিষদকে কার্যকর করার বিকল্প নেই। সাংসদদের সম্পৃক্ত করার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো শক্তিশালী করা যায়।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার আয়োজিত এক মতবিনিময় সভায় সাংসদরা একথা বলেন। নীতি গবেষণা কেন্দ্র ও সিটি ইউনিভার্সিটি যৌথভাবে ‘স্থানীয় উন্নয়নে সংসদ সদস্যদের ভূমিকা: কিছু বিকল্প প্রস্তাবনা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে।
বিশিষ্ট গবেষক ড. মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া। এতে অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, সাংসদ অ্যাডভোকেট রহমত আলী, সাংসদ খম জাহাঙ্গীর, সাংসদ আবু হেনা, গবেষক সাখাওয়াত আলী প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীতি গবেষণা কেন্দ্রের বিশ্লেষক শেখ তৌফিক মোয়াজ্জেমুল হক।
হোসেন জিল্লুর রহমান বলেন, ’৯০ এর পরবর্তী তিনটি সংসদই বিরোধী দল বয়কট করে আসছে। এরফলে সংসদ মূলত: সরকারের দৈনন্দিন কিছু কাজকর্ম সম্পাদন, সরকারের প্রশংসা এবং বিরোধী দলের সমালোচনার ক্ষেত্রে পরিনত হয়েছে। শুধু জনগণ নয়, সাংসদরাও এখন আর সংসদীয় প্রক্রিয়ায় অংশগ্রহণের কোনো আগ্রহ পান না।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া বলেন, সব পর্যায়ের জনপ্রতিনিধিদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অন্যথায় তৃণমূল পর্যায়ে উন্নয়নের রাজনীতি অসম্ভব।
তিনি বলেন, জেলা পরিষদকে কার্যকর করে এতে সাংসদদের সক্রিয়তা বাড়ানো গেলে স্থানীয় সরকার ব্যবস্থায় সুফল আনা যায়। অন্যথায় জনপ্রতিনিধি সাংসদদের স্থানীয় পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ খুবই কম।
সাংসদরা বলেন, ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত গ্রাম পর্যায়ে যে স্থানীয় সরকার ব্যবস্থা চলে আসছে, সেখানে সাংসদদের ভূমিকা খুবই কম। এ কারণে উপজেলা পদ্ধতিকে সংস্কার করে জেলা পরিষদকে কার্যকর করা প্রয়োজন। নির্বাচিত জেলা পরিষদে সাংসদদের সম্পৃক্ত করা গেলে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী হবে। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থার নিজস্ব আয় বাড়বে। সৃষ্টি হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা।
