‘মুক্তিযুদ্ধ হঠাৎ কোনো সেনাপতি বা সমর নায়কের ডাকে শুরু হয়নি’
বাংলাদেশের মুক্তিযুদ্ধ হঠাৎ করে কোনো সেনাপতি বা সমর নায়কের ডাকে শুরু হয়নি। এটি ছিলো দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের চূড়ান্ত পরিনতি। আর এ আন্দোলনের পুরোভাগে থেকে এর নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন সম্ভব হতো না।
বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক স্মারক বক্তৃতায় বঙ্গবন্ধু জাদুঘরের আহ্বায়ক ও বাংলাদেশ ফাউণ্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চ (বিএফডিআর)’র প্রতিষ্ঠাতা সদস্য প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক সালাউদ্দিন আহমদ এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের সম্মিলিত ইচ্ছার ধারক ছিলেন বঙ্গবন্ধু। তার নেতৃত্বে বাংলার আপামর জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এক অখণ্ড বাঙালি জাতিতে পরিনত হয়েছিলো, যা আগে কখনও হয়নি।
ঢাকার সিরডাপ মিলায়তনে বিএফডিআর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।
অধ্যাপক সালাউদ্দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পটভূমি ও ইতিহাস তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব - তিনি বাঙালি জাতিসত্ত্ব¡াকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এই প্রক্রিয়া হঠাৎ করে শুরু হয়নি। বাঙালির দীর্ঘদিনের আতœানুসন্ধান, আন্দোলন ও সংগ্রামের অমোঘ পরিনতি হিসেবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ শুরুর অনেক আগেই ১৯৬৯ সালে জাঁদরেল পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠীর ভ্রুকুটি উপেক্ষা করে বঙ্গবন্ধু তৎকালিন পূর্ব পাকিস্তানকে ‘বাংলাদেশ’ বলে ঘোষণা দিয়েছিলেন।
অধ্যাপক সালাউদ্দিন বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর গোটা দেশ এক হৃদয়হীন, মনুষ্যত্ববিহীন, দুর্নীতিবাজ, যোগ্যতাহীন ও বিকৃত রুচিসম্পন্ন গোষ্ঠীর হাতে জিম্মি। এরা অত্যন্ত পরিকল্পিতভাবে বাঙালির স্বাধীন সত্ত্বা, মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধকে ধ্বংস করে বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তানে পরিনত করার ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি বলেন, বাংলাদেশ আজ মহাসংকটে নিমজ্জিত। এ অবস্থা উত্তরণে তথা বঙ্গবন্ধুর স্বপ্নের ধর্ম নিরপেক্ষ, প্রগতিশীল ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে স্বাধীনতা সপক্ষের সকল শক্তিকে অভিন্ন জাতীয় প্লাটফরমে মিলিত হতে হবে। নতুনভাবে গড়ে তুলতে হবে সংগ্রাম।
অধ্যাপক কবীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকে শুধু স্মরণ নয়, তার আদর্শ বাস্তবায়নে আমাদের মরণপন লড়তে হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান খান ছাড়াও মোজাফ্ফর হোসেন পল্টু, অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী ও তালেয়া রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিএফডিআর সম্পাদক মোনায়েম সরকার।
অনুষ্ঠানের শুরুতে কবি নির্মুলিন্দু গুণ ‘কাঁদো বাঙালি কাঁদো’ ও ‘স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো’ শিরোনামের দু’টি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
