২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিন্ডিকেটের অনুমোদন পেয়ে অধ্যাপক আফতাব ঢাবি’ তে ফিরছেন

সিন্ডিকেটের অনুমতি পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদচ্যুত উপাচার্য অধ্যাপক আফতাব আহমাদ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 07:43 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সোমবার রাতে সিন্ডিকেটে এক মিটিংয়ে বিভাগে অধ্যাপক আফতাব আহমাদের যোগদানের সিদ্ধান্ত নেওয়া হয়।  

মঙ্গলবার দুপুরে ঢাবি রেজিস্ট্রারের কাছে অধ্যাপক আফতাব আহমাদ তার যোগদানপত্র জমা দেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুই মাসের ছুটি চাইলে সিন্ডিকেটে তা মঞ্জুর হয়।

এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি এবং একাডেমিক কমিটিতে বিভাগে তার যোগদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

নারী কেলেংকারি ও অর্থসংক্রান্ত বিভিন্ন দুর্নীতির কারণে সরকার তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদচ্যুত করে। ফলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিএনপি সমর্থিত সাদা দলীয় শিক্ষকরা এবং আওয়ামী লীগ সমর্থিত নীল দলীয় শিক্ষকরা অধ্যাপক আফতাবের বিভাগে যোগদান না করার বিষয়ে একমত হন।

অধ্যাপক আফতাব আহমাদ ঢাবি থেকে ২০০৩ সালের ৫ জুলাই চার বছরের প্রেষণে যান।

এ ব্যাপারে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক একেএম শহিদুল্লাহ সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকার করেন।

ওই বিভাগেরই একজন অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, তারা সিন্ডিকেটের এ সিদ্ধান্তকে বর্জন করবেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপক আফতাব আহমাদের যোগদানের অনুমতি দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে।