হুদা গ্র“পের আইনজীবীদের পাল্টা মহাসমাবেশ প্রস্তুতি
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পাঁচ আগস্টের মহাসমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন ফোরামের বিদ্রোহী গ্র“প চার দলীয় জোট সরকার সমর্থিত আইনজীবীদের মহাসমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, তাদের কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখা ১০ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক সাধারণ সভা আয়োজন করতে যাচ্ছে।
বিএনপি সমর্থিত আইনজীবীদের অপর সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখা রোববার আইনজীবী সমিতির হলে প্রস্তুতিমূলক এ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেয়।
অ্যাডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, গোলাম কিবরিয়া, জামান আখতার বুলবুল, হেলালউদ্দিন মোল্লা, অ্যাডভোকেট সিরাজুল করিম, গোলাম মোস্তফা, আতিকুল করিম ও ওয়াহিদুজ্জামন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্যারিস্টার নাজমুল হুদা গত ৩ আগস্ট অ্যাডভোকেট এম শামসুল আলমকে সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের আহ্বায়ক ঘোষণা করেন। ওইদিনই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সুপ্রিম কোর্ট শাখা কমিটি ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। তবে বিলুপ্ত ঘোষিত ওই কমিটি ৫ আগস্ট মহাসমাবেশ আয়োজন করে।
এরপর বাংলাদেশ আইনজীবী ফোরাম পাল্টা কার্যক্রম হিসেবে সংগঠনের নিয়ম ভঙ্গের দায়ে ব্যারিস্টার নামজুল হুদা ও অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সদস্যপদ বাতিল করে।
